রোববার কর্মবিরতি পালন করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি রোববার দিনব্যাপী কর্মবিরতি পালন করবে। আইনজীবীদের বিরুদ্ধে তিন মন্ত্রীর উপস্থিতিতে দায়ের করা আদালত অবমাননা মামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি নিয়েছে।
সমিতি শহীদ আব্দুল আহাদ হলে শনিবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
বৈঠক সূত্র জানায়, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে ও নির্দেশে সমিতির সভাপতিসহ ১১জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৈঠকে বলা হয়, ক্ষমতাসীন চার দলীয় জোট প্রকৃত অর্থেই আইনজীবীদের সর্বোচ্চ সংগঠনটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মজুমদার, খন্দকার মাহবুব হোসেন এবং এম ইনায়েতুর রহিম বক্তব্য রাখেন।
