২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দফা দাবিতে ৩১ জুলাই রিকসা মালিক ও শ্রমিকদের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও

রিকসা - ভ্যান মালিক ও শ্রমিকরা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাদের সাত দফা দাবি বাস্তবায়িত না হলে ৩১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বাংলাদেশ রিকসা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঢাকার মুক্তাঙ্গনে বৃহস্পতিবার পরিষদের আহ্বায়ক আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন ইনসুর আলী, শাহ আলম চৌধুরী, রুস্তম এ জামান, ফজলুর রহমান, হাজী আব্দুল মান্নান, আলী আহম্মেদ, একেএম গিয়াসউদ্দিন প্রমুখ।

পরে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার কাছে পেশ করা হয়।

পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, চুক্তি অনুযায়ী ডিসিসি থেকে নতুন রিকসার লাইসেন্স প্রদান, রিকসা উচ্ছেদ বন্ধ, মন্ত্রী ও সাংসদদের এলাকায় বিতরণ করা ৪৫ হাজার রিকসা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর, ভিআইপি সড়কের পাশে বাইলেনে রিকসা চলার অনুমতি প্রদান এবং জাল লাইসেন্স প্লেট সরবরাহকারি চক্রগুলোকে চিহ্নিত ও গ্রেপ্তার।