৭০ কার্য দিবস পর সংসদে ফিরলেন বিএনপি থেকে বহিস্কৃত সাংসদ আবু হেনা
এক বছরেরও বেশি সময় পর রোববার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির বহিস্কৃত সাংসদ আবু হেনা।
প্রায় ৭০ কার্য দিবস পর তিনি সংসদে ফিরলেন। এসময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন।
জঙ্গি ইস্যুতে তার দলের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে অভিযোগ করায় গত বছরের ২৪ নভেম্বর তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।
এর পর রোববারই তিনি প্রথম সংসদে আসেন। সংসদের বৈঠকে তিনি ঘন্টাখানেক অবস্থান করেন। এসময় তাকে বেশ প্রাণবন্ত দেখা যায়।
আবু হেনাকে বহিস্কারের পর তার আসন শূণ্য করতে একটি চিঠি দেওয়া হয়। কিন্তু তিনি পদত্যাগ না করায় অথবা অন্য কোনো দলে যোগদান না করায় সংবিধান অনুযায়ী তা ফ্লোর ক্রসিংয়ের পর্যায়ে পড়ে না। এ কারণে তার আসন শূণ্য ঘোষণা করা হয় নি।
