দেশে এখন রাষ্ট্রপতি ক’জন? -- সংসদের ভেতরে বাইরে প্রশ্ন
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ দেশে ফেরার পর বর্তমানে রাষ্ট্রপতির সংখ্যা কতোজন -- সংসদের ভেতরে ও বাইরে এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বুধবার জাতীয় সংসদে এই ইস্যুতে অনির্ধারিত বিতর্কও হয়েছে।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ভারত সফরের আগে বুধবার বিমানবন্দরে ‘দেশে এখন রাষ্ট্রপতি কে?’ -- এই প্রশ্ন তুলে বলেছেন, এক দেশে দুই রাষ্ট্রপতি থাকতে পারেন না। এটা সংবিধান বিরোধী।
অন্যদিকে জাতীয় সংসদ অধিবেশনে এ নিয়ে অনির্ধারিত বিতর্কে সরকার ও বিরোধী দলের সদস্যরা বাক্যযুদ্ধে লিপ্ত হন।
এ বিতর্কে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী।
ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে মোহাম্মদ নাসিম বিষয়টি উপস্থাপন করেন।
তিনি বলেন, আমাদের সার্বভৌমত্বের প্রতীক সংবিধান অনুসারে দেশ চললে দেশে একজনই রাষ্ট্রপতি থাকার কথা। কিন্তু বর্তমানে দেশে কজন রাষ্ট্রপতি রয়েছেন তা সরকারের কাছে জানতে চাই।
পরে আব্দুর রাজ্জাক তাকে সমর্থন করে বলেন, রাষ্ট্রপতি সুস্থ হয়ে দেশে ফেরার পর নিজেই দায়িত্ব পালন করবেন। সংবিধানে তাই বলা আছে। কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি তার কাছে দায়িত্ব হস্তান্তর না করার কি রহস্য, তা জানতে চাই।
জবাবে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। তার চিকিৎসা শেষে সেখানে থাকার আর কোন সুযোগ নেই। তাই তাকে দেশে নিয়ে আসা হয়েছে। তবে তিনি দায়িত্ব পালনে সক্ষম নন।
মন্ত্রী আরো বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব নিতে সক্ষম হলে অবশ্যই তিনি তার দায়িত্ব নেবেন ও কাজ করবেন।
পরে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, রাষ্ট্রপতি সুস্থ হয়ে উঠলে তিনি নিজ কাজে ফিরে যাবেন। তবে বিরোধী দলের কোন দুঃস্বপ্ন বাস্তবায়িত হলে তো আমরা কিছু বলতে পারবো না।
এর আগে বুধবার সকালে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা শেষে দেশের মাটিতে পা রাখার পরে তিনিই (অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ) রাষ্ট্রপ্রধান। সেখানে কোনো অস্থায়ী রাষ্ট্রপতি থাকতে পারেন না। অথচ স্পিকার রাষ্ট্রপতির মনোগ্রাম লাগানো গাড়িতে রাষ্ট্রপ্রধানের পতাকা উড়িয়ে বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়েছেন।
তিনি বলেন, প্রথা অনুযায়ী রাষ্ট্রপতিকে বিমান বন্দরে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী। আর সংসদের স্পিকার (জমির উদ্দিন সরকার) স্বাগত জানাবেন স্পিকার হিসেবেই। রাষ্ট্রপতি দেশে ফেরার পর তিনি (স্পিকার) আর রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে পারেন না।
প্রশ্ন উত্থাপন করে শেখ হাসিনা বলেন, তাহলে এখন দেশের রাষ্ট্রপতি কে?
জোট সরকার সংবিধান ও নিয়ম কানুন কিছুই মানে না, কাউকেই পরোয়া করে না -- এই অভিযোগ করে তিনি বলেন, এখন দেখা যাবে রাষ্ট্রপতিকে হাসপাতালে ইঞ্জেকশান দিয়ে কোমা’য় পাঠিয়ে দেওয়া হবে। আর প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি হওয়ার ষড়যন্ত্র করছেন কী না দেখা দরকার।
রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন সিঙ্গাপুরে বাইপাস সার্জারিসহ প্রয়োজনীয় চিকিৎসার পর মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছেন। স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার বিমান বন্দরে তাকে স্বাগত জানান।
অন্যদিকে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
