২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠিচার্জ, টিয়ার শেল ও সংঘর্ষের মধ্য দিয়ে বিরোধী ১৪ দলের নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত

ব্যাপক সংঘর্ষ, টিয়ার শেল, লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকায় প্রধান নির্বাচন কমিশন সচিবালয় এবং জেলা পর্যায়ে নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগসহ ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এসব ঘটনায় তানজিম আহমেদ সোহেল তাজ এমপিসহ ঢাকায় অর্ধশতাধিক নেতাকর্মী এবং সাংবাদিক আহত হয়েছেন।

পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে বেশ কয়েকজনকে আটক করেছে।

অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর ধানমণ্ডি এবং আগারগাঁও এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

অপর ষ্পট মহাখালিতে ১৪ দল নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি এবং বাকবিতণ্ডা হয়।

ধানমণ্ডির মিরপুর সড়কে দুপুরে ১৪ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে অগ্রসর হলে রাপা প্লাজার সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ মাইকে শান্ত থাকার অনুরোধ করে। এসময় বিক্ষুব্ধ বিরোধী কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে পাল্টা জবাব দেয়।

পুলিশ বৃষ্টির মতো টিয়ার শেল নিক্ষেপ শুরু করলে দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে এ সংঘর্ষ ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক, সোবহানবাগ মসজিদ, মার্কেণ্টাইল ব্যাংকের গলিসহ আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে।

পুলিশ জেনিয়াল রেস্টুরেন্টের পাশের গলিতে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিাচার্জ করলে সোহেল তাজ এমপি ও তার সহকারি কাওসার আহত হন। পুলিশের পিটুনিতে সোহেল তাজের বাম হাত ফেটে রক্ত বের হতে থাকে। মাথা ফেটে রক্ত বেরোতে থাকে কাওসারের। রক্তাক্ত অবস্থায় তাদের বাংলাদেশ মেডিক্যালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

একই সময় সোবহানবাগ মসজিদ, ২৭ নম্বর সড়ক ও মার্কেণ্টাইল ব্যাংকের গলিতে পুলিশ ও ১৪ দল নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। প্রায় আধা ঘন্টা ধরে চলা সংঘর্ষে ২০/২৫ জন কর্মী আহত হয়। পুলিশ এখান থেকে সেলিম ও ডালিম নামে দু’জনকে আটক করে।

এসময় শাহজাহান খান এমপি, ড. মির্জা জলিল ও রওশন জাহান সাথীর নেতৃত্বে নেতাকর্মীরা রাপা প্লাজার সামনে মিরপুর সড়কে অবস্থান নিয়ে পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানাতে থাকেন। পুলিশ তখন তাদের চারদিক থেকে ঘিরে রাখে। 

এখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ধানমণ্ডি ১১ নম্বর (নতুন) সড়কের বাসভবনের দিকে চলে যান। তার বাসভবনের সামনে নেতাকর্মীরা অবস্থান নিলে পুলিশ তাদের স্থান ত্যাগ করার জন্য বলে। শুরু হয় বাক বিতণ্ডা ও ধাক্কাধাক্কি। এ সময় পুলিশ মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করলে উত্তেজিত কর্মীরা পুলিশকে লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। শুরু হয় পুলিশ ও বিরোধী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক হারে টিয়ার শেল নিক্ষেপ করে।

এক পর্যায়ে পুলিশ নাসিমের বাসভবন লক্ষ্য করে টিয়ার শেল ছোঁড়ে এবং ভেতরে ঢুকে কর্মীদের বেধড়ক লাঠিপেটা করে। এ সময় আশপাশের গলিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টিয়ার শেল ও লাটিচার্জে আহত হন আল আমিনের ফটো সাংবাদিক মোবারক, সৈনিক লীগের কর্মী সাইফুল ইসলাম অপু, যুব মহিলা লীগ নেত্রী দিপ্তী শর্মাসহ প্রায় ২০ জন। বেলা ২ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।