২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র কারচুপি করে যারা জোটকে ক্ষমতায় এনেছে তারাও ভালো নেই, আগামীতে জনগণের পক্ষে থাকুন: শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত জাতীয় নির্বাচনে ষড়যন্ত্র করে বিএনপি - জামাত জোটকে কারচুপির সুযোগ করে দিয়ে যারা ক্ষমতায় বসিয়েছেন, তারাও এখন ভালো অবস্থায় নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 04:23 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তা, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে কারচুপির ব্যবস্থা করে অপশক্তিকে ক্ষমতায় বসিয়ে এখন আপনারা কেমন আছেন? আর জোট সরকারের মন্ত্রী এমপিরা আজ কেমন আছে? নিজের পরিবারের দিকে তাকান। আর ওদের (ক্ষমতাসীন) দিকে তাকান। দেখুন তারা কী পেয়েছে, আর আপনারা কী পাচ্ছেন? আপনাদের বিবেকে দংশন হয়না যে, ভোট চোরদের ক্ষমতায় বসিয়েছেন। তারা এখন হাজার হাজার কোটি কালো টাকার মালিক।

আগামীতে আপনারা আবারো দেশ ও জাতির বিপক্ষে অবস্থান নেবেন, নাকি জনগণের পক্ষে থাকবেন, তা ভেবে দেখুন। ওদের পাহারা দিলে দেশটাকেই খেয়ে ফেলবে।

তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে শেখ হাসিনার ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ধানমণ্ডির কার্যালয়ে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামটির জেলা, উপজেলা/থানা এবং ১ম শ্রেণীর পৌরসভার  সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব  কথা বলেন।

পার্বত্য শান্তি চুক্তির কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, দুই দশক ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পার্বত্য এলাকাকে আমরা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই শান্তির ব্যবস্থা করেছিলাম। বিএনপি ওই সময় হরতাল ডেকে বিজাতীয় কাজ করেছিল।

তিনি বলেন, আমরা দুই হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে ভূস্বর্গে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। কিন্তু জাতীয়তাবাদী ও জামাতিরা সেখানে নির্যাতন নিপীড়ন শুরু করেছে।  

সংখ্যালঘু ও উপজাতীয়সহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর অত্যাচার নির্যাতন ও খুনের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অপকর্ম চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে এখন তা উদ্ধারের জন্য সরকার জনগণের পয়সা খরচ করছে। মাসে ৭৫ হাজার ডলার টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করেছে। এই বিপুল পরিমাণ টাকা জনগণের জন্য ব্যয় করা হলে গরিব দু:খি মানুষের উপকারে আসতো।

এখন সময় এসেছে, ভোট চোরদের চিহ্নিত করতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সাংবিধানিক এই অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ভোটের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বিশ্ব বেহায়া এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রূদ্ধদ্বার এ সভায় তৃণমূল নেতাদের বক্তব্য ও পরামর্শের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন আওয়ামী লীগ প্রধান।

দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, দলকে সুগংগঠিত ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। যে সকল স্থানে দলীয় অন্তর্কোন্দল ও ভুল বোঝাবুঝি রয়েছে, সেগুলো অবিলম্বে মিটিয়ে ফেলতে হবে।

দলীয় অন্তর্কোন্দল মিটিয়ে সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্যেও দলের তৃণমূল নেতাদের নির্দেশ দেন তিনি।

তিনি উপস্থিত নেতাদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘সরকারের অত্যাচার নির্যাতন’ সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি তাদের কাছ থেকে সংশ্লিষ্ট আসনের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও জানতে চান।

উপস্থিত আওয়ামী নেতারা তাদের স্ব স্ব এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় কোন্দল সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন।

আগামী জাতীয় নির্বাচনে দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের দাবি ও মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ। এক্ষেত্রে ‘অরাজনৈতিক ব্যক্তি’ ও ‘বসন্তের কোকিল’দের যেন মনোনয়ন দেওয়া না হয়, সেজন্য দলীয় প্রধান শেখ হাসিনার কাছে দাবি করেন তারা।

শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের নেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে মাঠ পর্যায়ের নেতাদের বক্তব্য শুনে বলেন, আগামী নির্বাচনে দল যাদের মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করতে হবে। মানুষের কাছে যেতে হবে। জোটের দুর্নীতি ও দুঃশাসনের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, ত্যাগের মনোভাব নিয়ে দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে। সিদ্ধান্তের বাইরে গেলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ত্যাগী পরীক্ষিত নেতাদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করা হবে।