জোট সরকারের জিনিসপত্রের দাম কমানোর ঘোষণা ভোট নেওয়ার একটা পাঁয়তারা: হাসিনা
নির্বাচনের আগে জিনিসপত্রের দাম কমানোর ঘোষণা দিয়ে জনগণের হাতে ছেলে ভোলানো মোয়া ধরিয়ে জোট সরকার আবারো ভোট নেওয়ার পাঁয়তারা করছে।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা রোববার একথা বলেন।
দুই মাসের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমানো হবে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার এমন বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, এর আগে জঙ্গি দমন প্রসঙ্গেও তিনি সময় বেঁধে দিয়েছিলেন। যা থেকে প্রমাণিত হয় জঙ্গি সন্ত্রাসী সৃষ্টি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সবই সরকারের পরিকল্পনা মতো হচ্ছে।
তিনি বলেন, হাওয়া ভবনের সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারণ এবং ওই ভবনকে কমিশন দিয়ে ব্যবসা করতে হয় বলে দ্রব্যমূল্যের দাম শুধু বেড়েই চলেছে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে রোববার কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া, ও চাঁদপুর জেলা, সংশ্লিষ্ট উপজেলা, থানা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে শেখ হাসিনা মতবিনিময় করেন।
শেখ হাসিনা বলেন, ‘জোট সরকার সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়ে’। জোট সরকার গত সাড়ে চার বছর কোনো উন্নয়ন করেনি। আওয়ামী লীগ আমলে স্বাক্ষরতার হার ৪৫% থেকে ৬৬% উন্নীত হলেও এ সরকারের আমলে তা কমে গিয়ে ৬১% হয়েছে। আমরা খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছিলাম। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম। অথচ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পরিবার ব্যবসা করছে। জনগণের পকেট খালি করে নিজেদের পকেট ভারি করছে। নিজেরা সম্পদের পাহাড় গড়ে তুলছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এরা ভোট চুরির জন্য ভূয়া ভোটার তালিকা করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। এটা কোন ধরনের গণতন্ত্র?
তিনি বলেন, এ সরকার জনগণের গণতন্ত্র, মৌলিক অধিকার ও বেঁচে থাকার অধিকার হরণ করেছে। তাই আন্দোলন জোরদার করতে হবে, ভোট চুরি ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে।
শেখ হাসিনা উপস্থিত মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আশ্বাস দেন, যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তাদের পক্ষে সকলকে একসাথে কাজ করতে হবে।
জোট সরকার ওয়াদা ভঙ্গকারী, বেঈমান ও মোনাফেক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিক্ষকদের সঙ্গে ওয়াদা করেও প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বেঈমানী করেছেন।
তিনি বলেন, গুলশানে দেড় বিঘার ওপর প্রধানমন্ত্রীর বাড়ি আছে। ক্যান্টনমেন্টে নয় বিঘার বাড়ি, প্রধানমন্ত্রী ভবন ও ৩০ হেয়ার রোডের বাড়িও তার ব্যবহারের জন্য রয়েছে। তবুও তিনি মাসে মাসে ৫০ হাজার টাকা বাড়ি ভাড়া নিচ্ছেন। আসলে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী এমপিরা জনগণের কোনো কল্যাণ করছে না। নিজেদের স্বার্থ রক্ষা করে জনগণকে শুধু শোষণ করেছ, সর্বস্ব লুটে নিচ্ছে।
তিনি এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
