শেখ হাসিনা ২১ জুন ভারত যাচ্ছেন, মাদার তেরেসা পুরস্কার গ্রহণ ছাড়াও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হবে
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মর্যাদাকর মাদার তেরেসা পুরস্কার গ্রহণের জন্যে ২১ জুন বুধবার ভারত যাচ্ছেন।
দলীয় সূত্র বিডিনিউজ’কে জানায়, পাঁচ দিনের ভারত সফরকালে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রাম এবং মানব সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত ‘মাদার তেরেসা’ পদক গ্রহণ ছাড়াও ভারতের সরকার ও বিরোধী দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া আজমীর শরীফে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি’র (রহ.) মাজার জিয়ারত করবেন তিনি।
২৪ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনটেনারি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে আন্তর্জাতিক এবং মর্যাদাপূর্ণ এই পদক তুলে দেবেন ভারতের ক্ষমতাসীন ইউপিএ’র চেয়ারপারসন সোনিয়া গান্ধী।
সূত্র আরও জানায়, শেখ হাসিনা বুধবার বিকেলে ঢাকা থেকে সরাসরি দিল্লি যাবেন। সেখানে দু’দিন অবস্থানকালে তিনি আজমীর শরিফ জিয়ারত করবেন। ২৩ জুন তিনি দিল্লি থেকে কলকাতা আসবেন এবং ২৪ জুন মাদার তেরেসা পুরস্কার গ্রহণ করবেন। পরদিন ২৫ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
অপর একটি সূত্র জানায়, ভারতের বেসরকারি সংগঠন অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাণ্ড উইকার সিলেকশন কাউন্সিল’র ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল মিলেনিয়াম সোসাইটি’ গত চার বছর ধরে শান্তি ও সম্প্রীতি এবং মানব সেবায় অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কার দিচ্ছে।
এ বছর মাদার তেরেসা পদকের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়াও প্রখ্যাত অভিনেতা দেবানন্দ এবং কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকার মনোনীত হয়েছেন।
এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী, বর্ষিয়ান রাজনীতিক এবং পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসু, আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যাণ্ডেলা এবং মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন এই সম্মাননা পেয়েছিলেন।
এদিকে শেখ হাসিনার মাদার তেরেসা পুরস্কার প্রাপ্তিতে শুক্রবার ফরিদপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ’র ফরিদপুর প্রতিনিধি জানান, কয়েক হাজার মানুষ মোটর সাইকেল এবং গাড়িতে করে রং বেরঙের ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
