শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪ দলের নতুন আন্দোলন কর্মসূচি
আওয়ামী লীগসহ ১৪ দলের সরকারবিরোধী নতুন ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুক্রবার থেকে শুরু হচ্ছে।
১৬ জুন শুক্রবার থেকে ২ জুলাই পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের এই নতুন কর্মসূচির মধ্যে রয়েছে: ২০ জুন ঢাকায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ও জেলায় জেলায় নির্বাচন অফিস অবরোধ এবং ২ জুলাই দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ।
ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে: ১৬ জুন ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ, ১৭ জুলাই দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ, ১৮ ও ১৯ জুন ঢাকায় প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও সমাবেশ এবং ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী গণসংযোগ এবং সভা সমাবেশ।
২০ জুনের নির্বাচন কমিশন অবরোধ কর্মসূচি চলবে সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত। অন্যদিকে ২ জুলাইয়ের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ৩টায় সমাবেশের মাধ্যমে শেষ হবে।
টানা ৩৬ ঘন্টার দেশব্যাপী হরতাল শেষে বুধবার রাতে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।
