নির্বাচন কমিশন ঘেরাও ও রাজপথ রেলপথ অবরোধসহ ১৪ দলের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা
আওয়ামী লীগসহ ১৪ দল ১৬ জুন শুক্রবার থেকে ২ জুলাই পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে : ২০ জুন ঢাকায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ও জেলায় জেলায় নির্বাচন অফিস অবরোধ এবং ২ জুলাই দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ।
টানা ৩৬ ঘন্টার দেশব্যাপী হরতাল শেষে বুধবার রাতে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দের এক বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হয়।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে : ১৬ জুন ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ, ১৭ জুলাই দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ, ১৮ ও ১৯ জুন ঢাকায় প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও সমাবেশ এবং ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী গণসংযোগ এবং সভা সমাবেশ।
শেখ হাসিনা জানান, ২০ জুনের নির্বাচন কমিশন অবরোধ কর্মসূচি চলবে সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত। অন্যদিকে ২ জুলাইয়ের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ৩ টায় সমাবেশের মাধ্যমে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপিসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
