জেএমবি নেতাদের ডেথ রেফারেন্স: সরকার আদালতে যাচ্ছে বৃহস্পতিবার
ঝালকাঠিতে বিচারক হত্যা মামলার রায় কার্যকর করতে অগ্রাধিকারভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির জন্যে পেপার বুক তৈরির ব্যাপারে সরকার বৃহস্পতিবার হাইকোর্টের শরণাপন্ন হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা বৃহস্পতিবার এ ব্যাপারে বিডিনিউজকে জানান, অগ্রাধিকারভিত্তিতে পেপার বুক তৈরির অনুমতি চেয়ে যে আবেদন করা হয়েছে, সে ব্যাপারে শুনানি অনুষ্ঠানের জন্যে বিষয়টি আদালতের বৃহস্পতিবারের কার্যতালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি আলী আসগর খান এবং বিচারপতি এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আবেদনটির ওপর শুনানি হবে বৃহস্পতিবার।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ৬ জুন ঝালকাঠিতে বিচারক হত্যা মামলার রায় কার্যকর করতে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে অগ্রাধিকারভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির জন্যে পেপার বুক তৈরির অনুমতি চেয়ে আবেদন জানায়।
ওই আবেদনের শুনানির পর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি আনোয়ারুল হক এজি অফিসকে ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে নিয়মিত বেঞ্চে বিষয়টি উত্থাপনের পরামর্শ দেন।
সম্প্রতি আইন মন্ত্রণালয় দ্রুত ঝালকাঠি বিচারক হত্যা মামলার রায় কার্যকর করতে পেপার বুক তৈরি সংক্রান্ত আবেদন দাখিল করতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খানকে নির্দেশ দেন।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সোমবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করেন।
ঝালকাঠির একটি আদালত গত ২৯ মে বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে হত্যা মামলায় শায়খ রহমান, বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, আসাদুর রহমান আরিফ ও ইফতেখার হাসান আল মামুনের বিরুদ্ধে ফাঁসির রায় দেন।
হাইকোর্টের পেন্ডিং ডেথ রেফারেন্সের শুনানি সিরিয়াল অনুযায়ী হলে এ ডেথ রেফারেন্স মামলার শুনানিও তিন বছর লেগে যাবে। হাইকোর্টে এখন ২০০৩ সালের ডেথ রেফারেন্স শুনানি চলছে।
সরকার ঝালকাঠি বিচারক হত্যা মামলার রায় অগ্রাধিকারভিত্তিতে কার্যকর করতে চায় এ কারণে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস অগ্রাধিকারভিত্তিতে এ মামলার পেপার বুক তৈরি করার জন্যে হাইকোর্টের অনুমতি প্রার্থনা করছে।
