২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইহাটে নিহত ১০ জন ভারতীয় গেরিলার লাশ খাগড়াছড়িতে হস্তান্তর

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে সেনা ও র‌্যাব সদস্যদের গুলিতে নিহত সন্দেহভাজন ১০ জন ভারতীয় গেরিলার লাশ মঙ্গলবার সকালে পুলিশ খাগড়াছড়ি সদর হাসপাতালে হস্তান্তর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বাঘাইছড়ি থানার ওসি আমিনুল হক সকাল সাড়ে ৯ টার দিকে লাশগুলো হাসপাতালের মর্গে নিয়ে আসেন। এর আগে এ সব লাশ সেনা ও র‌্যাব সদস্যরা তাকে বুঝিয়ে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দিদারুল আলম হাসপাতালে লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

প্রত্যক্ষদর্শী জানায়, কড়া পুলিশী নিরাপত্তায় অজ্ঞাত পরিচয়ের লাশগুলো ময়না তদন্তের জন্য যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন সেখানে সাংবাদিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও উৎসুক জনতার ভীড় ছিলো লক্ষ্যনীয়। সব কযেকটি লাশই গুলিতে ছিন্নভিন্ন ও রক্তাক্ত। এদের মধ্যে দুজনের পরনে ছিলো সেনা বাহিনীর কম্ব্যাট পোষাক।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বাঘাইছড়ি থানার দুর্গম বাঘাইহাটের ভূয়াছড়ি এলাকায় ভারতের মিজোরাম সীমান্তে গেরিলাদের ক্যাম্প ধ্বংস করার পর সেনা ও র‌্যাব সদস্যরা প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করে। উভয় পক্ষের মধ্যে সোমবার ভোরে ব্যাপক গুলিবিনিময়ের পরেই ওই ক্যাম্পটি ধ্বংস করা হয়। তবে জীবিত অবস্থায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি।

ভিন্ন একটি সূত্র জানায়, র‌্যাব সদস্যরা রোববার ঢাকায় শিশির ও চালান নামে দুজন ভারতীয় গেরিলাকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভূয়াছড়ির গহিন অরণ্যে ওই যৌথ অভিযান চলে। নিহতরা সকলেই ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) অথবা ভারতের পিপলস ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’র (পিএনএলএফ)  সদস্য বলে সংশ্লিষ্টদের ধারণা।

তবে দীর্ঘ সাত -- আট বছর ধরে বাঘাইহাট, কাচালং ও সাজেক সীমান্ত এলাকা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী  গ্র“প ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) ক্যাডারদের দখলে রয়েছে।

এদিকে পুলিশের সিজার লিস্ট থেকে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র শস্ত্রের মধ্যে রয়েছে, একটি কারবাইন, পাঁচটি থ্রি নট থ্রি রাইফেল, একটি পিস্তল, তিনটি রিভলবার, তিনটি দেশী বন্দুক, একটি দোনালা বন্দক, ১০টি গিলোটিন, ৫০টি ডিটেনেটর, একটি ওয়াকিটকি, বেশ কিছু ধারালো অস্ত্র এবং বিভিন্ন ধরণের ৬৩ রাউন্ড গুলি।

সূত্র জানায়, র‌্যাব -- ৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল হাসিনুর রেজা, লে. কর্নেল গুলজার ও সেনাবাহিনীর মেজর মুজিবুর রহমান যৌথ অভিযানে নেতৃত্ব দেন।