সংসদে সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু, বিরোধী দলের বিরুদ্ধে বিষোদগার
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে রোববার জাতীয় সংসদে ২০০৫ - ০৬ সালের সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে।
রোববার বাজেট আলোচনার প্রথম দিনে ক্ষমতাসীন বিএনপি ও জামাতের সদস্যরা সম্পূরক বাজেট নিয়ে আলোচনার পরিবর্তে বিরোধী দলের বিরুদ্ধে ফ্রি - স্টাইলে বিষোদগার করেন।
দু’দিন বিরতির পর ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বিকেল সোয়া ৫টায় সংসদের বৈঠক শুরু হলেও তিনি মাত্র ২০ মিনিট বৈঠক পরিচালনা করেন।
এরপর মাগরিবের নামাজের বিরতি পর্যন্ত সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন এবং বিরতির পর জয়নাল আবেদীন ফারুক বৈঠক পরিচালনা করেন।
দিনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন এবং ৭১ বিধিতে নোটিশের ওপর আলোচনা স্থগিত করায় শুরু হয় সম্পূরক বাজেটের উপর আলোচনা।
এতে অংশ নেন বিএনপির নূরুল ইসলাম মনি, মঞ্জুর কাদের, কাজী রফিকুল ইসলাম ও আব্দুল গণি এবং জামাতের শাহজাহান চৌধুরী ও মিয়া গোলাম পরওয়ার।
মাগরিবের নামাজের বিরতির পর কোরাম সংকট নিয়ে বৈঠক শুরু হলেও নূরুল ইসলাম মনি ফ্রি - স্টাইলে নির্ধারিত সময়ের ২০ মিনিটের স্থলে ৪০ মিনিট বক্তব্য রাখেন।
তিনি তার আলোচনায় স্বাধীনতা পরবর্তী ও বিগত আওয়ামী লীগ সরকারের সম্পূরক বাজেটের সাথে প্রস্তাবিত সম্পূরক বাজেটের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে বিরোধী দল আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্রি - স্টাইলে বিষোদগার করেন।
এছাড়াও ক্ষমতাসীন দলের সদস্যরা সংসদের বৈঠকে বিরোধী দলের অনুপস্থিতিতে তাদের ঢাকা অবরোধ কর্মসূচির তীব্র সমালোচনা করেন।
তারা বলেন, যখনই দেশের কোনো উন্নয়নের বিষয় আসে, তখনই বিরোধী দল হরতাল ও অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি পালন করে। কিন্তু তারা দেশের মানুষকে সস্তা জিনিস খাওয়াবার কথা বলে। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা যেমন সস্তা খাইয়েছে, তেমনি আবারো খাওয়াতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের সেই চেষ্টা আর সফল হতে দেবে না।
