বাংলাদেশকে বাকিতে তেল দেবে কুয়েত
কুয়েত বাংলাদেশকে বাকিতে তেল দিতে রাজি হয়েছে। তেল পাওয়ার ছয় মাস পর বাংলাদেশকে মূল্য পরিশোধ করলেই চলবে।
জ্বালানি তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত কর্ণফুলী তৃতীয় সেতু ও তিস্তা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর কাছেই ৪৫০ মেগাওয়াটের শিকলবাহা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনে বাংলাদেশকে অর্থ সহযোগিতা দেওয়ার ব্যাপারেও সম্মতি জানিয়েছে।
এছাড়া দু দেশের মধ্যে যোগাযোগ সুবিধা আরও বাড়াতে চট্টগ্রাম থেকে কুয়েতে প্রতি সপ্তাহে সরাসরি দুটি ফ্লাইট এবং ঢাকা থেকে আরও একটি ফ্লাইট চলাচলের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এতে করে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে যাতায়াতকারী মোট ফ্লাইটের সংখ্যা সাতে দাঁড়াবে।
কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি দু’ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বার্ষিক আলোচনা এবং অপরটি কুয়েতের কূটনৈতিক মিশনের জন্যে প্লট বরাদ্দ ও কুয়েত সিটি স্থাপন সংক্রান্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দু দেশের শীর্ষ নেতার বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বলেন, দু দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক পর্যালোচনার জন্যে একটি যৌথ কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমন্ত্রণে কুয়েতের আমির দু দিনের সফরে শনিবার বাংলাদেশে আসেন। চার দেশীয় সফর কর্মসূচির অংশ হিসেবে কুয়েতের আমির এরপর থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান সফর করবেন।
কুয়েতের আমির ৮০ সদস্যের একটি সফরকারী দলের নেতৃত্ব দিচ্ছেন। দু দেশের শীর্ষ নেতা রোববার আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধাঘণ্টার এক গোপন বৈঠকে মিলিত হন।
পররাষ্ট্রমন্ত্রী দুই নেতার মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান।
তিনি জানান, কুয়েত ১৮০ দিনের জন্যে বাকিতে তেল সরবরাহের ব্যাপারে সম্মত হয়েছে। তেলের মূল্য ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। তাদের এ সম্মতির ফলে উল্লিখিত পরিমাণ অর্থ বাংলাদেশকে এখনই শোধ করতে হবে না।
এছাড়া কুয়েতের আমির বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন বলে তিনি জানান।
একটি বিনিয়োগ মূল্যায়ন দল শিগগিরই বাংলাদেশ সফর করবে বলেও পররাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের অবহিত করেন। এছাড়া কুয়েত বাংলাদেশের মন্ত্রী, রপ্তানিকারক এবং বিনিয়োগকারীদের কুয়েত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও তিনি জানান।
ইস্টার্ন রিফাইনারি’র মান উন্নয়নের ব্যাপারে কুয়েতকে অনুরোধ জানানো হয়েছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, জ্বালানি ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাব এবং তৃতীয় দফা নিলাম ডাকে আমরা কুয়েতকে আমন্ত্রণ জানাব।
এর আগে সকালে কুয়েতের আমির মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যান এবং সেখানে তিনি একটি চারা রোপন করেন।
