২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে ১৪ দলের দেশব্যাপী ৩৬ ঘন্টার লাগাতার হরতাল, সোমবার বিক্ষোভ

আওয়ামী লীগসহ ১৪ দল ১৩ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪ জুন বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ৩৬ ঘন্টার লাগাতার হরতাল ডেকেছে। এছাড়া ১২ জুন সোমবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

রোববার ঢাকা অবরোধ কর্মসূচি শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনের এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে কর্মসূচি চূড়ান্ত করেন।

আব্দুল জলিল সরকারের সকল ধরনের প্রচেষ্টা এবং গ্রেপ্তার, অত্যাচার নির্যাতন, গুলি, টিয়ার শেল এবং হামলা উপেক্ষা করে ঢাকা অবরোধ সর্বাতœকভাবে সফল করায় দেশবাসীর প্রতি অভিনন্দন জানান।

অন্যদিকে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

আব্দুল জলিল জানান, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ ১৪ দলের সহস্রাধিক নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত হয়েছে পাঁচ শতাধিক নেতাকর্মী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ দুই নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। তারা ভোটার তালিকা হালনাগাদের কাজও করতে পারবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়নসহ দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আপনাদের আবার ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবায়িত হতে দেওয়া হওবে না। জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।