ঢাকা অবরোধ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষ, আহত শতাধিক
বিরোধী ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিরোধী নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েকশ নেতাকর্মী আহত হয়।
অবরোধ কর্মসূচি চলাকালে রোববার ঢাকা মহানগরী একরকম অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তায় যানবাহন ছিলো একেবারেই কম।
একদিকে ১৪ দলের ঢাকা অবরোধ অন্যদিকে কুয়েতের আমিরের ঢাকা সফর-- সব মিলিয়ে রাজধানির নিরাপত্তা নিশ্চিত করতে নামানো হয় বিপুল সংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। গোটা রাজধানীর চিত্র ছিলো কারফিউয়ের মত।
অবরোধ চলাকালে সকালে মিরপুর, মগবাজার, উত্তরা, সাভার, টঙ্গী, নারায়ণগঞ্জ ও কাঁচপুর এলাকায় পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ ও সাংবাদিকসহ আহত হয় শতাধিক নেতাকর্মী।
বিরোধী নেতাকর্মীদের ইট পাটকেলের জবাবে পুলিশ লাঠিচার্জ, গুলি, টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।
পুলিশের নির্দয় লাঠিচার্জে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, মেজর জেনারেল (অব.) শফিউল্লাহ আহত হন।
ঢাকার বাইরে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
অবরোধ কর্মসূচির বিভিন্ন স্পট থেকে পুলিশ মহিলা, পথচারিসহ কয়েকশ’ বিরোধী নেতাকর্মীকে আটক করেছে।
এর আগে শনিবার রাত থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। বসানো হয় চেকপোস্ট।
অবরোধ কর্মসূচি অংশ না নিতে পুলিশ শনিবার রাতে লাউড স্পিকারে জনগণের প্রতি আহ্বান জানায়।
সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে কাঁচপুর এলাকায়। সকালে আওয়ামী লীগে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশ বিরোধী নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এতে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) শফিউল্লাহ, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও ওলামা লীগ নেতা হাবিব উল্লাহ কাঁচপুরীসহ শতাধিক লোক আহত হয়।
পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলিও চালায়। গুলিবিদ্ধ বেশ কয়েকজনসহ ৩০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের কাছে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিরোধী নেতাকর্মীরা ব্রিজের ওপর অবস্থান নিলে পুলিশ ধাওয়া দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।
বিক্ষোভকারীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এসময় ৫০ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। গোটা এলাকা তখন পরিণত হয় রণক্ষেত্রে।
এক পর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। তখন আন্দোলনকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
রাসেল স্কয়ারে সকাল ১১টার দিকে পুলিশ বিরোধী নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে উপাধ্যক্ষ আব্দুস শহীদসহ বেশ কয়েকজন আহত হয়।
অবরোধ চলাকালে ঢাকার সঙ্গে দূর পাল্ল¬ার বাস চলাচল বন্ধ ছিলো। দুএকটি জায়গায় রেল চলাচলে বিঘœ ঘটলেও মোটামুটিভাবে রেল, লঞ্চ ও বিমান চলাচল ছিলো স্বাভাবিক।
বিরোধী দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করে। পরে টিয়ার শেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এর ঠিক একঘন্টা আগে শাহ আলী মাজার রোডে পুলিশের সাথে বিরোধী নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আহত হয় কমপক্ষে ১৫ জন।
ওই এলাকা থেকে পুলিশ ২০জন নেতাকর্মীকে আটক করে।
একই রকম ঘটনায় সকাল সাড়ে ৯টায় জুরাইন রেল গেট এলাকায় বাংলাভিশনের রিপোর্টার আবিদুর রহমানসহ প্রায় ৫০জন আহত হয়।
পুলিশ ও বিরোধী নেতাকর্মীদের সংঘর্ষে মগবাজার ও উত্তরা এলাকাও হয়ে ওঠে রণক্ষেত্র। অবরোধ কর্মসূচি সফল করতে বিরোধী দলের কর্মীদের মিছিলে পুলিশ চড়াও হলে গোটা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুপুরে সাভারে সংঘর্ষ চরম আকার ধারণ করে। কুয়েতের আমিরের সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে সকাল থেকে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা গোটা এলাকা কর্ডন করে রাখে। আমির সাভার ত্যাগ করলে গোটা এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমসহ প্রায় ৩০জন আহত হয়।
টঙ্গী রেল স্টেশন এলাকায় বিরোধী ১৪ দল তাদের ঢাকা অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল বের করলে পুলিশ মিছিলে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ সাংসদ জাহিদ আহসান রাসেল, পৌরসভা চেয়ারম্যান আজমতউল্লাহ ও কয়েকজন সাংবাদিকসহ কমপক্ষে ৮০ জন আহত হয়।
গুরুতর আহত বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ওই এলাকা থেকে ১০জনকে আটক করেছে।
এছাড়া পুলিশ টঙ্গী ব্রিজ, আবদুল্লাহপুর, আজমপুর এবং উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে ১৪ দলের মিছিলে বেধড়ক লাঠিচার্জ করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সোহেল তাজ এমপি, মেহের আফরোজ চুমকি এবং রহমতউল্লাহ টঙ্গী ব্রিজের কাছে আবদুল্লাহপুর এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন।
এর আগে চারদলীয় জোটের কয়েকশ’ নেতাকর্মী রাস্তায় নেমে মিছিল করে। তারা বেশ কয়েকটি এলাকায় মহড়াও দেয়।
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশ ও বিএনপির সংঘর্ষে আহত হয়েছে ৫০জন। অবরোধ কর্মসূচি চলাকালে কেরানীগঞ্জ ও সিরাজদিখান উপজেলার ঢাকা মাওয়া সড়কে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মহিউদ্দিন আহমেদ এবং সাগুফতা ইয়াসমিন এমিলি কর্মসূচিতে নেতৃত্ব দেন।
একই ধরনের ঘটনায় নরসিংদীতে ১৮জন ও রাজবাড়ীতে ১০জন আহত হয়। পুলিশ ওই দুই স্থান থেকে আটক করে ১০জনকে।
সকাল থেকেই মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ ছিলো। রাজধানী ছেড়ে কোনো যানবাহন যায়নি আবার রাজধানীতে কোনো যানবাহ ঢোকেনি। রাজধানী থেকে উত্তরাঞ্চলসহ প্রায় ৮৪ রুটে কোনো যানবাহন ছেড়ে যায়নি।
অবশ্য রেল, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক ছিলো। এ কর্মসূচির ফলে অফিসমুখো লোকজন চরম দুর্ভোগে পড়ে।
অবরোধ কর্মসূচির কারণে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ ছিলো।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচির ডাক দেয়।
হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ১৪ দলের ওই কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে ওই নিষেধাজ্ঞার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) রোববার সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচির ফলে উচ্চ আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত সৃষ্টি হয়।
