২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক প্রতিনিধি হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছেন টেড ইউনিয়ান নেতারা

দেশের গার্মেন্টস খাতের সকল ট্রেড ইউনিয়ন নেতারা নবগঠিত ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি নিয়োগের জন্য সরকারের কাছে তিন জনের নাম প্রস্তাব করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

প্রতিনিধিরা হলেন রায় রমেশ চন্দ্র, অ্যাড. দেলওয়ার হোসেন এবং কামরুল হাসান। এ তিন জনের মধ্যে কাকে নির্বাচন করবে তা এখনও সরকার নির্ধারণ করেনি।

গত ৩০ মে সরকারের নিয়োগকৃত নূন্যতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি নাজমা আক্তারের তীব্র বিরোধিতা করেছে গামেন্টস খাতের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত ৪ জুন ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধি হিসেবে নাজমা আক্তারের নাম প্রত্যাহার করে নেন।

তারা দাবি করেন, দেশের গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই সরকারের শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ।

তবে সরকার সকল ট্রেড ইউনিয়নের নেতাদের সম্মিলিতভাবে একজন শ্রমিক প্রতিনিধির নাম প্রস্তাব করতে অনুরোধ জানালেও তারা একজনের নামের ব্যাপারে একমত হতে পারেনি।

এদিকে শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ইতোমধ্যে শ্রমিক নেতাদের হুমকি দিয়ে বলেছেন, শ্রমিক প্রতিনিধি হিসেবে তারা যদি সম্মিলিতভাবে একজনের নাম প্রস্তাব না করতে পারেন, তবে সরকারের প্রত্যাহারকৃত শ্রমিক প্রতিনিধির নাম বহাল রাখা হবে।

প্রস্তাবিত তিন প্রতিনিধির মধ্যে অ্যাড. দেলওয়ার হোসেন এর আগেও নূন্যতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।     

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্র জানায়, সংগঠনের পক্ষ থেকে মালিক প্রতিনিধি হিসেবে বর্তমান মেয়াদের তিন সভাপতি আনিসুল হক, টিপু মুন্সী ও এসএম ফজলুল হকের নাম পাঠানো হলে, শ্রম মন্ত্রণালয় আনিসুল হককে নিয়োগ দেয়।