রোববার ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি, ২য় লিড
ব্যাপক ধরপাকড়, গণগ্রেফতার এবং সরকারের কঠোর অবস্থানের মধ্যে আওয়ামী লীগসহ ১৪ দল রোববার তাদের পূর্বঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি পালনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
অপরদিকে বিরোধী দলের কর্মসূচি ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। যেকোনও ধরনের প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর পুলিশের সাথে অতিরিক্ত আরও ১৫ হাজার পুলিশ সদস্যকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের দাবিতে আওয়ামী লীগসহ ১৪ দল ঢাকা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে।
অবরোধ কর্মসূচিকে সামনে রেখে সরকারের ব্যাপক গ্রেফতার কর্মসূচির কারণে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি নিরীহ জনসাধারণকেও গ্রেপ্তার করা হচ্ছে।
রোববারের মধ্যে গণগ্রেফতার, অত্যাচার নির্যাতন বন্ধ ও প্রধান নির্বাচন কমিশনারসহ দুই নির্বাচন কমিশনারকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় পরদিন ১২ জুন সোমবার থেকে লাগাতার হরতালসহ ধারাবাহিক কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিরোধী জোট সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাসম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিরোধী দলের আলোচিত এই কর্মসূচি বানচালে সরকারের ‘সকল ধরণের কৌশল, দমন, অত্যাচার নির্যাতন, বাধা এবং ভয় ভীতি’ উপেক্ষা করে কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংসদ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
ঢাকা অবরোধ কর্মসূচির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল অজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় মানে না, তারা রায় মানার কথা কিভাবে বলে? সরকার আগে আদালতের রায় মানুক, তারপর তারা বিষয়টি বিবেচনা করবেন বলে তিনি জানান।
আব্দুল জলিল আইজিপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি যেন রাজনৈতিক নেতাদের সাংবিধানিক অধিকার শেখানোর চেষ্টা না করেন।
তিনি আইজিপিকে সতর্ক করে বলেন, দুর্নীতিগ্রস্ত একটি ব্যর্থ সরকারকে তেল দিয়ে আইজিপি’র কোনও ফায়দা হাসিল হবে না।
বিরোধী জোটের নেতারা রাজধানীর ভিতরে ১৬ টি গুরুত্বপূর্ণ স্থানে এবং এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবেন।
রাজধানীর ভিতরে ১৪ দলের নেতাকর্মীরা যেসব স্থানে অবস্থান নেবেন সেগুলো হচ্ছে, গাবতলী, আজমপুর বাসস্ট্যান্ড, সদরঘাট টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, পোস্তগোলা আলম মার্কেট, বাবুবাজার ব্রিজ, নূর হোসেন স্কয়ার, মগবাজার রেলগেট, মালিবাগ বাজার, মতিঝিলের শাপলা চত্বর, নিউমার্কেট, ধানমণ্ডি ২৭, মীরপুর ১০, মহাখালী এবং দয়াগঞ্জ।
