ঢাকা ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের রোববারের ঢাকা ঘেরাও কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ। অ্যাডভোকেট রবিউল ইসলাম সাগরের এক পিটিশনের শুনানী শেষে শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
হাইকোর্ট একই সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর, স্বরাষ্ট্র সচিব সফর রাজ, পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান এবং র্যাব এর মহাপরিচালক আবদুল আজিজ সরকারসহ সরকারের উচ্চ পর্যায়ের ছয় কর্মকর্তার প্রতি দেশের মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্দেশ জারি করে।
ঢাকা অবরোধের নিষেধাজ্ঞা জারি করার পর আদালত তা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ১৪ দলের নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দিয়েছে।
অ্যাডভোকেট সাগর প্রধান বিচারপতির কাছে এ সংক্রান্ত একটি পিটিশন দায়ের করলে হাইকোর্ট ছুটিতে থাকায় প্রধান বিচারপতি তা বিবেচনার জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠিয়ে দেন।
শুনানী শেষে বিশেষ বেঞ্চের বিচারপতি গোলাম দস্তগীর শনিবার নিষেধাজ্ঞা জারি করেন।
রীট পিটিশনে আবেদনকারি অ্যাডভোকেট সাগর বলেন, ঢাকা ঘেরাওকালে ঢাকায় ব্যাপক রাজনৈতিক সহিংসতা হতে পারে। এ সহিংসতা এড়াতে বিরোধী দলের অবরোধ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক।
এ আদেশের ব্যাপারে রোববারও শুনানী অনুষ্ঠিত হবে।
