রোববার ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি
ব্যাপক ধরপাকড় ও গণগ্রেফতার এবং সরকারের কঠোর অবস্থানকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগসহ ১৪ দল রোববার তাদের পূর্ব ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি পালন করবে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিরোধী দলের আলোচিত এই কর্মসূচি বানচালে সরকারের ‘সকল ধরণের কলা কৌশল, দমন, অত্যাচার নির্যাতন, বাধা এবং ভয় ভীতি’ উপেক্ষা করে কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
রোববারের মধ্যে গণগ্রেফতার, অত্যাচার নির্যাতন বন্ধ এবং প্রধান নির্বাচন কমিশনারসহ দুই নির্বাচন কমিশনারকে অপসারণ করাসহ বিরোধী দলের দাবি মানা না হলে পরদিন ১২ জুন সোমবার থেকে লাগাতার হরতালসহ ধারাবাহিক কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ঢাকা অবরোধ কর্মসূচির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, আমরা এখনও এমন কোনো সংবাদ জানি না। তবে যারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় মানে না, তারা রায় মানার কথা আমাদের কিভাবে বলে? সরকার আগে আদালতের রায় মানুক, তারপর আমরা আমাদের বিষয়টি বিবেচনা করবো।
