নির্বাচন সামনে রেখে লুটপাটের ব্যবস্থা করেছে জোট, জনগণের অকাক্সক্ষার প্রতিফলন নেই: বাজেট প্রত্যাখ্যান করে আ.লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ২০০৬--০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে। সংসদে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বাজেট উত্থাপনের পর জাতীয় সংসদ ভবনে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে সামনে রেখে নীতিহীন ব্যর্থ জোট সরকার একটি ধোঁকাবাজি ও লুটপাটের বাজেট দিয়েছে। নির্বাচনে জোটের ভোট কেনা--বেচার এই বাজেটে জনগণের আশা আকাক্সক্ষার কোনো প্রতিফলন নেই।
সংসদে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) পক্ষে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বলেন, সরকার লুটপাটের বাজেট দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ব্যাপারে এই বাজেটে কোনো বক্তব্য নেই। জনগণের আশা পূরণে নেই কোনো দিক নির্দেশনা। জোট সরকারের এই বাজেটে জনগণ হতাশ হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দের শতকরা ১২ ভাগ থোক বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকে আগামী নির্বাচনে ক্ষমতাসীন জোট ভোট কেনা--বেচার ব্যবস্থা রেখেছে।
আব্দুর রাজ্জাক এমপি বলেন, এই বাজেটে জাতীয় উন্নয়নের কোনো দিক নির্দেশনা নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে অর্থমন্ত্রী একটি লুটপাট ও ধোঁকাবাজির বাজেট দিয়েছে।
ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেন, প্রস্তাবিত বাজেটে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দমনে কোনো দিক নির্দেশনা নেই। এই বাজেটে দ্রব্যমূল্য তো কমবেই না, বরং জোট সিন্ডিকেটকে প্রশ্রয় দিতে সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, অর্থমন্ত্রী জনস্বার্থে বাজেট প্রণয়ন না করে লুটপাটের জন্যে থোক বরাদ্দ দিয়েছেন। এটি গণতন্ত্র ও সংবিধানবিরোধী।
‘থোক বরাদ্দের এই জোট পলিটিক্স বন্ধ করতে হবে’-- দাবি করেন সুরঞ্জিত সেন গুপ্ত।
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি আরও বলেন, নীতিহীন ব্যর্থ সরকারের বিপর্যস্ত বাজেট এটি। এই বাজেটের কারণে পরবর্তী সরকার দেউলিয়া হবে। তিনি মন্তব্য করেন, জোটের গত চারটি বাজেটের মতো এই বাজেটও পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হবে।
শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বাজেটের মাধ্যমে জনগণের একশ’ কোটি টাকা বিএনপি জামাত জোট তাদের দলীয় নেতা কর্মীদের ভাগ বাটোয়ারা করে দেবে। নীতিহীন এই বাজেটের কারণে জনগণের দুর্ভোগ কামবে না, বরং নতুন করে বাড়বে।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, এএসএইচকে সাদেক, মোহাম্মদ নাসিম, কর্নেল (অব.) ফারুক খানসহ আওয়ামী লীগের সাংসদরা উপস্থিত ছিলেন।
