২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল বাধা উপেক্ষা করে ঢাকা অবরোধ সফল করুন; গণগ্রেপ্তার বন্ধ করতে হবে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যতো বাধাই আসুক না কেন-- আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

একই সঙ্গে পুলিশসহ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে গণগ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে। জনগণের বিরুদ্ধে এ অবস্থান বরদাশত করা হবে না। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আবারও রাষ্ট্রপতির পদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ এনে বলেন, ক্ষমতা কুক্ষিগত রাখতে তার (প্রধানমন্ত্রী) রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছে হয়েছে। রাষ্ট্রপতিকে অসুস্থ বানিয়ে দেশে জরুরি অবস্থা জারি করে তিনি ক্ষমতা দখলে নিতে চেয়েিেছলেন। জাতীয়তাবাদি ও জামাতি জোট গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলছে। কিন্তু তাদের ওই খায়েশ বাংলার মানুষ পূরণ হতে দেবে না।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ও দেশের শত্র“রা আজ রাষ্ট্র ক্ষমতায়। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে দেশকে শত্র“মুক্ত করতে হবে। 

সুশীল সমাজের সৎ ও যোগ্য প্রার্থী আন্দোলন এবং আওয়ামী লীগ ও বিএনপি জামাতকে ‘এক করে দেখা’র প্রবণতার কঠোর ভাষায় সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, যারা শোষক ও শোষিত, বোমা গ্রেনেড হামলাকারী সন্ত্রাসী ও আক্রান্ত এবং সুশাসন ও দুঃশাসনকে এক করে দেখতে চান, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা দেশের গণতন্ত্র ও মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চান।

আওয়ামী লীগ প্রধান বলেন, বরিশালের অত্যাচারি, সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত সর্দার, গডফাদার এবং আমার গাড়ি বহরে হামলাকারীকে প্রধান অতিথি বানিয়ে যারা সৎ প্রার্থী খুঁজছেন, তারা গণতন্ত্র ধ্বংস করতে চান।  

শেখ হাসিনা বলেন, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ও দুই নির্বাচন কমিশনার সকল লাজ লজ্জা ও মান অপমান ভুলে ভোট কারচুপির ব্যবস্থা করতে ব্যস্ত রয়েছেন। এতে জনগণের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। জনগণের এ টাকার হিসাব দিতে হবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া এবং বর্তমান নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই নির্বাচন কমিশনকে বিদায় দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রী বিএনপি জামাতের বিরুদ্ধে জনগণের অর্থ সম্পদ লুটপাট ও সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি জেনে রাখুন-- জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যে অপেক্ষা করছে। এবার টাকা দিয়েও কুলোতে পারবেন না। 

তিনি বলেন, দুর্নীতির দায়ে যে সরকারের ১২ জন মন্ত্রীর চাকরি যায়, তাদের আর থাকেটা কী? স্বয়ং প্রধানমন্ত্রী যে সকল মন্ত্রণালয়ের দায়িত্বে, তার সব ক’টিতেই সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

শেখ হাসিনা ক্ষমতাসীন জোটের দুর্নীতি ও অর্থ সম্পদ লুট এবং টিভি চ্যানেল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে আরও বলেন, মান্নান ভুঁইয়া, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক আলি ফালু এবং প্রধানমন্ত্রীর পুত্র ও তার বন্ধুরা এতো টাকা কোথায় পেল? জনগণের অর্থ সম্পদ লুটের এই হিসাব অবশ্যই জনগণকে দিতে হবে। 

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সৈয়দা জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর, ডা. এসএ মালেক, অধ্যাপক শামসুল হুদা হারুন এবং সংবাদ সম্পাদক বজলুর রহমান বক্তব্য রাখেন।