কেন্দুয়া আওয়ামী লীগের সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা, দূর্গাপুর--কলমাকান্দায় নতুন করে কোন্দল
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে ঢাকায় গত সোমবার নেত্রকোণা জেলা নেতৃবৃন্দের সাক্ষাতের পর থেকে জেলার কেন্দুয়া, দূর্গাপুর ও কলমাকান্দা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে নতুন করে কোন্দল শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলামকে বিপক্ষ গ্র“পের দলীয় নেতা-কর্মীরা মিছিল করে অবাঞ্চিত ঘোষণা করেছে।
সূত্র জানায়, সোমবার ঢাকায় দলীয় সভানেত্রীর সাথে সাক্ষাতের সময় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাড. জুবেদ আলীর বিরুদ্ধে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন। এ খবর কেন্দুয়া পৌছালে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ শহরে বিক্ষোভ মিছিল বের করে সভাপতি নূরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. আব্দুর রহমান ভূইয়া, অ্যাড. নূরুল আলম ও আসাদুল হক ভূইয়া।
অন্যদিকে দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের বিরুদ্ধে সাধারণ সম্পাদক সাইদুল হোসেন আকুঞ্জি ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক তারা দলীয় সভানেত্রীর কাছে অভিযোগ করায় এ দুটি উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যেও দ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে। সাবেক সাংসদের বিরুদ্ধে দুটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অবস্থান নেওয়ায় আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আশংকা করছেন।
