মহাজোট গঠনের লক্ষ্য নিয়ে প্রার্থী বাছাই হবে, সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা: তৃণমূল নেতাদের হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, মহাজোট গঠনের লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে। সিদ্ধান্তের বাইরে গেলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির দ্বিতীয় দিন রোববার ধানমণ্ডির কার্যালয়ে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদীর জেলা, উপজেলা, থানা এবং ১ম শ্রেণীর পৌর এলাকাসমূহের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
দলীয় অন্তর্কোন্দল মিটিয়ে সরকারবিরোধী চলমান আন্দোলন এগিয়ে নেয়ার পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্যে দলের তৃণমূল নেতাদের নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে বলেন, মনোনীত প্রার্থীর ব্যাপারে কারও কোনো বক্তব্য থাকলে তা সাংগঠনিকভাবে জানাতে হবে। কোনো অবস্থাতেই দলের শৃংখলা ভঙ্গ করা যাবে না।
তিনি উপস্থিত নেতাদের কাছ থেকে তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ‘সরকারের অত্যাচার নির্যাতন’ সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি তাদের কাছ থেকে সংশ্লিষ্ট আসনের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও জানতে চান।
উপস্থিত আওয়ামী নেতারা তাদের স্ব স্ব এলাকার সাংগঠনিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় কোন্দল সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন।
তৃণমূল নেতাদের বক্তব্য ও পরামর্শের আলোকে তিনি তাদের প্রয়োজনীয় নির্দেশনা এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
আওয়ামী লীগ প্রধান বলেন, দলকে সুগংগঠিত ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। যে সকল স্থানে দলীয় অন্তর্কোন্দল ও ভুল বোঝাবুঝি রয়েছে, সেগুলো মিটিয়ে ফেলতে হবে। আগামী নির্বাচনে দল যাদের মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করতে হবে। মানুষের কাছে যেতে হবে। জোট দুঃশাসনের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।
শেখ হাসিনা বলেন, চারদলীয় জোট তাদের অপকর্মের জন্যে আগামী নির্বাচনে জনগণের ভোট পাবে না বলেই তারা নির্বাচনে কারচুপির জন্যে বিভিন্ন ধরনের ফন্দি আঁটছে। তারা আবারো ক্ষমতায় ফিরে আসতে নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে।
তিনি মন্তব্য করেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান তো দূরের কথা, এ পর্যন্ত একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন করতে পারেনি। এই নির্বাচন কমিশন দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং আদালতের রায় অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব নয়।
তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং সকল দলের সাথে আলোচনার মাধ্যমে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।
তিনি ১৪ দলের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
তিনি আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করা এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্যে চলমান সংগ্রাম ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে দলের সর্বস্তরের নেতা--কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আগামী সাধারণ নির্বাচনে বিজয় অর্জনে মাঠ পর্যায়ে যথাযথভাবে কাজ করে যাওয়া এবং চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার জন্যে তিনি তৃণমূল নেতা--কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
