বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি সালাম পাটোয়ারীর মৃত্যু, হত্যার অভিযোগ এনেছে পরিবার
বাগেরহাট জেলা বিএনপির সহ - সভাপতি, রামপাল থানা বিএনপি ও চার দলীয় ঐক্যজোট আহ্বায়ক আব্দুস সালাম পাটোয়ারী (৪৫) ইন্তেকাল করেছেন। বুধবার রাত থেকে তার পাতলা পায়খানা ও বমি শুরু হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
তার পরিবার হত্যাকাণ্ড বলে দাবি করে রামপাল থানায় অভিযোগ দিলে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
আব্দুস সালাম পাটোয়ারীর ছোট ভাই ওয়াহিদুজ্জামান সেলিম পাটোয়ারী জানান, মৃত্যুর পর সালাম পাটোয়ারীর মুখমণ্ডলসহ শরীরের রং কালচে হয়ে যায়। তা ছাড়া বুধবার রাতে যখন তার পাতলা পায়খানা ও বমি হচ্ছিল তখন তিনি পরিবারের সদস্যদের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তাকে কেউ বিষাক্ত দ্রব্য খাইয়ে দিয়েছে। এ অবস্থায় পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে সালাম পাটোয়ারীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ওয়াহিদুজ্জামান রামপাল থানায় লাশের ময়না তদন্তের জন্য আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে আটটা নাগাদ অচেতন অবস্থায় খুলনার একটি ক্লিনিকে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার বিকালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় ফয়লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
