বিক্ষুব্ধ মানুষের সমর্থন নেই জেনে আবার ক্ষমতায় ফিরতে বিএনপি জোট নানা চক্রান্ত চালাচ্ছে: ১৪ দলের সভায় জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেছেন, বিএনপি - জামাত জোটের সাড়ে চার বছরের দুঃশাসনে বিক্ষুব্ধ দেশবাসীর সমর্থন নেই জেনে আবার ক্ষমতায় ফিরে আসতে তারা নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিরোধী দলকে দায়ী করে তারা বিভ্রান্তিকর ও অসংলগ্ন কথাবার্তা বলছে। কিন্তু তাদের কোনো অপকৌশল ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
আগামী ১১ জুন ঢাকা অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর পার্শ্ববর্তী ১৪ দলের জেলা নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
‘বিরোধী দল দেশে অসাংবিধানিক অবস্থা সৃষ্টি করতে চায়’ -- বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার এ বক্তব্যের কঠোর সমালোচনা করে আব্দুল জলিল বলেন, আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে চাই বলেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করছি। কিন্তু তারা নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত।
বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দলকে দায়ী করে এসকল কথা বলবেন না। চক্রান্ত ও ষড়যন্ত্রের পথ পরিহার করে ক্ষমতা ছেড়ে বিদায় হোন। ষড়যন্ত্র ও নীল নক্সার নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবায়িত হতে দেওয়া হবে না।
আব্দুল জলিল আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করতে ১৪ দলের নেতা কর্মী এবং সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ঢাকার পার্শ্ববর্তী ১০টি জেলার আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
আব্দুর রাজ্জাক এমপি, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ্ এমপি, দিলীপ বড়–য়া, বিমল বিশ্বাস, সৈয়দ জাফর সাজ্জাদ, এমএ গণিসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
