গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে মার্কিন শীর্ষ কর্মকর্তার আশাবাদ
একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা বুধবার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, পরবর্তী সাধারণ নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে এবং সেটি গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমেই অনুষ্ঠিত হবে।
তিনি রাজনৈতিক নেতাদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ও গণতন্ত্র উন্নয়ন বিষয়ক দপ্তরের পরিচালক অস্কার ডেস্টো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ২০০৭ সালের নির্বাচনের আগের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী ভিত্তি পাবে।
তিনি নির্বাচনে সকল দলের অংশগ্রহণের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করবে না, এ ব্যাপারে আমরা আশাবাদী।
মার্কিন ব্যুরো ফর ডেমোক্যাসি, হিউম্যান রাইটস এন্ড লেবার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কিছু নির্দেশনার কথা বলেছে। সেগুলো হল- নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও পেশাদারী হতে হবে, নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে সকল সঙ্কটের সুরাহা করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী কিনা জানতে চাইলে তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদী।
বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচে বেশি পর্যবেক্ষক থাকবে। শতাধিক দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
তিনি আরো বলেন, পর্যবেক্ষকরা সঠিক এবং নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছে কিনা তা পর্যকেবক্ষণ করবেন।
নির্বাচন কমিশন এ মুহূর্তে ভালো কাজ করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন পরবর্তী সময়ে কি করে তার পরই আমরা চূড়ান্ত রায় দেবো।
রাজনৈতিক নেতাদের ব্যর্থতায় সেনাবাহিনী ক্ষমতায় আসার শঙ্কার ব্যাপারে তিনি বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ এ সুযোগ দেবে না এবং তারা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করবে।
সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক অচলবস্থা এবং সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার ব্যাপারে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ায় সকল দলকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
বর্তমান রাজনৈতিক অবস্থার ব্যাপারে ডেস্টো বলেন, যখন বড় রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনায় বসতে রাজি না হয় তখন তা একটি হতাশার ব্যাপারই বটে। দেশের ভবিষ্যতের জন্য আমরা সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে বসার আহ্বান জানাচ্ছি।
