কুষ্টিয়ায় সাংবাদিক কনভেনশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
কুষ্টিয়ায় সোমবার সাংবাদিক কনভেনশনে একটি রাজনৈতিক দলের স্থানীয় কর্মীদের স্বশস্ত্র হামলার ঘটনায় বাংলাদেশের মার্কিন দূতাবাস নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে ‘ জ্ঞানবোধহীন সহিংস কাজ’ বলে উল্লেখ করা হয় এবং ওই ঘটনাসহ সাংবাদিকদের উপর যে কোন হামলাকে প্রত্যাখান করার জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।
মার্কিন দূতাবাস বিচারের জন্য হামলাকারীদের খুঁজে বরে করতে পুলিশের প্রতি আহবান জানায় এবং আসন্ন জাতীয় নির্বাচনের কারণে সহিংসতা প্রতিরোধ ও নিন্দা জ্ঞাপণ করা সকল রাজনৈতিক দলের জন্য অতি জরুরী বলে উল্লেখ করা হয়।
অবাধ ও সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়া উৎসাহিতকরণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই ভূমিকা খাটো করার যে কোন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা উচিত বলেও উল্লেখ করা হয়।
কুষ্টিয়ায় সোমবার এক সাংবাদিক কনভেনশনে ক্ষমতাসীন বিএনপি দলীয় সাংসদ শহীদুল ইসলামের ক্যাডার বাহিনী হামলা চালালে দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীসহ কমপক্ষে ২৫ জন সাংবাদিক আহত হয়।
