সাংসদ শহীদুলের রোষানলে ১৮ দিনেও কুষ্টিয়া ফিরতে পারছেন না ৪ সাংবাদিক
ক্ষমতাসীন বিএনপি দলীয় সাংসদ শহীদুল ইসলামের রোষানলে এলাকাছাড়া চার সাংবাদিক ১৮ দিন পরও কুষ্টিয়ায় ফিরতে সাহস পাচ্ছেন না।
অব্যহত হুমকি এবং ঢাকায় আশ্রয় নেওয়া হোটেলে ক্যাডার পাঠিয়ে খোঁজাখুঁজি করায় ওই সাংবাদিকরা বর্তমানে চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।
এদিকে ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার সাংবাদিকদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচী প- করতে সাংসদ শহীদুল ইসলাম জেলা বিএনপিকে অপব্যাবহার করে মাঠে নেমেছেন। ইতোমধ্যে তিনি ২৯ মে বেলা ১১ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত সাংবাদিক নির্যাতন বিরোধী সমাবেশ কর্মসূচী প্রতিরোধেরও ঘোষণা দিয়েছেন। জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী ৩০ মে হলেও এর আগের দিন জেলা বিএনপির নামে তিনি সেখানে সমাবেশ আহবান করেছেন।
এছাড়া সাংসদের অপকর্মের উপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ অব্যহত রাখায় তিনি জেলা বিএনপির নামে রোববার বিকাল ৩টায় স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘আন্দোলনের বাজার’ কার্যালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা দিয়ে মাইকে প্রচার চালাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে পত্রিকা কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছে। আবেদনের অনুলিপি তথ্য মন্ত্রাণলয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, ডিআইজি ও পত্রিকা অফিসসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজে চরম আতংক বিরাজ করছে।
সাংসদ শহীদুলের অপকর্মের বিষয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে তিনি দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার হাসান জাহিদ, বিডিনিউজ প্রতিনিধি মুন্সী তরিকুল ইসলাম এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি আল--মামুন সাগরের বিরুদ্ধে ৯ মে মিথ্যা মামলা দায়ের করেন। পরের দিন তার অন্যতম ক্যাডার আজাদ বিশ্বাসকে দিয়ে ওই সাংবাদিকদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করান। মামলা ও সাংসদের ক্যাডার বাহিনীর হামলার ভয়ে ১৮ দিন আগে সাংবাদিকরা কুষ্টিয়া ত্যাগ করেন। ইতোমধ্যে ওই হয়রানিমূলক মামলায় সাংবাদিকরা হাইকোর্ট কোর্ট থেকে জামিন নিলেও সাংসদ ও তার ক্যাডারদের অব্যহত হুমকিতে তারা কুষ্টিয়া ফিরতে পারছেন না।
এদিকে ওই সাংবাদিকদের পক্ষে আন্দোলন করতে গিয়ে স্থানীয় জনপ্রিয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক মনজুর এহসান চৌধুরীও কুষ্টিয়া ছাড়তে বাধ্য হয়েছেন।
