২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে ব্ল্যাকমেইল ও সংসদীয় গণতন্ত্র কবর দিয়ে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় যাবার চক্রান্ত করছে জোট: আ.লীগের অভিযোগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে, বিএনপি - জামাত জোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় আসতে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের চক্রান্ত করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, ভুয়া ভোটার তালিকা দিয়ে কারচুপির নির্বাচনের স্বপ্ন ভঙ্গ হওয়ার পর বিএনপি - জামাত জোট তাদের পুরনো কায়দায় রাষ্ট্রপতিকে ‘ব্ল্যাক মেইল’ করতে চেয়েছিল। তাদের ‘ট্র্যাক রেকর্ডে’ও এ ধরণের ঘটনা আছে। আর এরই ধারাবাহিকতায় জোট সরকার সংসদীয় পদ্ধতির কবর দিয়ে রাষ্ট্রপতি শাষিত সরকার ব্যবস্থায় ফিরে যেতে চাচ্ছে। 

আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, খোদ ক্ষমতাসীন জোটই রাষ্ট্রপতি পদ্ধতির শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আশংকার জন্ম দিয়েছে। আর এ কারণেই সরকারের পক্ষ থেকেই রাষ্ট্রপতির পদ এবং রাষ্ট্রপতির অবস্থা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রকৃত অবস্থা জাতির সামনে তুলে ধরার দাবি জানান।

অবশ্য বাংলাদেশ সংবিধানের ১৪২ অনুচ্ছেদের উল্লেখ করে দলের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেন, জাতীয় সংসদকে ‘স্ট্রাকচার’ পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়নি। সংবিধানে বর্তমান পদ্ধতির (সংসদীয়) আরো বিকাশের ক্ষেত্রে সীমিত ক্ষমতা দেওয়া হয়েছে। তাই বিএনপি - জামাত জোট ‘টু থার্ড মেজরিটি’র বলে এই সংসদকে দিয়ে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারে না।

আব্দুল জলিল লিখিত বক্তব্যে বলেন, সংসদীয় পদ্ধতিকে কবর দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যাপারে বিএনপি’র খায়েশের কথা খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছ থেকেই বেরিয়ে এসেছে। শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন,‘সংসদীয় পদ্ধতি থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে ফিরে যাওয়ার চিন্তা তাদের মধ্যে সক্রিয় আছে’।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার শুক্রবার দেওয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভুয়া ভোটার তালিকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে তিনি বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে অশালীন মিথ্যাচার করেছেন।

আব্দুল জলিল বলেন, ‘প্রতারণা ও মিথ্যাচারের ওপর ভিত্তি করেই বিএনপির যাত্রা শুরু হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক জিয়া বন্দুকের ভয় দেখিয়ে রাষ্ট্রপতি সায়েমকে অসুস্থ বানিয়ে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিলেন। মরহুম সায়েম তার আতœজীবনীতে তা উল্লেখ করে গিয়েছেন। জোট মনোনীত রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকেও ভয় দেখিয়ে পদচ্যুত করা হয়।

তিনি বলেন, ‘এছাড়া মহামান্য উচ্চ আদালতও জিয়ার ক্ষমতা গ্রহণকে অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। আর বিএনপির এই কালো অতীতের প্রেক্ষাপটেই আওয়ামী লীগ সভানেত্রী তার আশংকার কথা ব্যক্ত করেছিলেন।’ 

সংস্কার সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের সঙ্গে আমরা কোনো অবস্থাতেই আলোচনায় বসবো না। এব্যাপারে আমাদের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই।

তিনি বলেন, তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যতিরেকে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আর এই ইসি’র অধীনে ভোটার তালিকা হালনাগাদের কাজও করা যাবে না। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।