২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কৌশলপত্র উচ্চশিক্ষা সংকোচনের দলিল: গোলটেবিল বৈঠকে শিক্ষকবৃন্দ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের প্রাণ সত্ত্বা (স্পীরিট) নষ্ট হয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এটি উচ্চশিক্ষা সংকোচনের দলিল। তাই ছাত্র -- শিক্ষকসহ সকল শিক্ষানুরাগী মানুষকে এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত ‘মঞ্জুরী কমিশনের কৌশলপত্র: মূল্যায়ন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে শিক্ষকরা এ আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের সভাপতি খালেকুজ্জামান লিপন। বক্তব্য রাখেন অধ্যাপক খান সারওয়ার মুর্শিদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক শহীদুল ইসলাম, অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, বিশ্বের চিন্তার প্রবাহকে ধারণ করতে পারায় বিশ্ববিদ্যালয়ের রয়েছে অসীম গুরুত্ব। কিন্তু কৌশলপত্র সেই চিন্তার প্রবাহকে বন্ধ করার সুপারিশ করেছে।

অধ্যাপক খান সারওয়ার মুর্শিদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার পর স্বায়ত্তশাসিত হলেও সব সরকারই চেয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে টুঁটি চেপে ধরতে। তারা ভেবেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বুঝি আরেকটা সরকার গড়ে উঠেছে।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বর্তমানে বিশ্ব ব্যাংক, এডিবি প্রভৃতি সাম্রাজ্যবাদী সংস্থার পরামর্শে গোটা সেবাখাতকে কর্পোরেট সংস্থায় পরিণত করার আয়োজন চলছে। উচ্চ শিক্ষাকেও এর বাইরে থাকতে দেওয়া হবে না। তাই শিক্ষা ও গবেষণাকে সম্পূর্ণ বাজারমুখী করার পরিকল্পনা করা হয়েছে।

ড.আখতারুজ্জামান বলেন, শিক্ষা বহুমাত্রিক না হলে সাম্প্রদায়িক হয়। মাদ্রাসা একমাত্রিক বলেই তাকে সাম্প্রদায়িক শিক্ষা বলা হয়। কৌশলপত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে একমাত্রিক করার সুপারিশ করা হয়েছে।