২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও স্বার্থন্বেষী মহল গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে: আওয়ামী লীগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ শুক্রবার অভিযোগ করেছে, সরকার ও একটি কায়েমী স্বার্থন্বেষী মহল গার্মেন্টস শ্রমিকদের ন্যায় সঙ্গত ও সুসংগঠিত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা  লোটার চেষ্টা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সাভার, গাজীপুর এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় নয়টি ক্ষতিগ্রস্থ কারখানা পরিদর্শন শেষে একটি সংসদীয় প্রতিনিধি দল শুক্রবার বিকেলে তাদের পর্যবেক্ষণের কথা জানান।  

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচীকে সংঘাতে রুপ দিতে সরকার কিছু ভাড়া করা সন্ত্রাসীকে কারখানাগুলোতে অগ্নিসংযোগ ও ভাংচুরের দায়িত্ব দেয়।

তারা বলেন, ন্যুনতম মজুরী ও বিভিন্ন প্রকার নির্যাতন ও বঞ্চনাসহ বিভিন্ন কারণে গার্মেন্টস শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ ছিলো।

শ্রমিকদের ওপর নির্যাতন এবং তাদের ওপর ভাড়া করা সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আশুলিয়ার ইউনিভার্স গার্মেন্টস থেকে বিক্ষোভের সূত্রপাত হয়।

নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন গার্মেন্টস কারখানার বহিস্কৃত কিছু শ্রমিকও ভাংচুরে অংশ নেয়। আবার ঝুট ব্যাবসা সংক্রান্ত ক্ষোভের কারণে কিছু সন্ত্রাসীও নাশকতামূলক ওই হামলায় অংশ নেয়।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ কারখানাগুলোর সার্বিক পরিবেশ বর্ণনা করে বলেন, শ্রমিকদের জন্য টয়লেটসহ সেখানে বিভিন্ন অপরিহার্য সেবার অভাব রয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের দাবি দাওয়া পূরণে দীর্ঘ দিন উদাসাীন থাকায় তারা শ্রম মন্ত্রীকে দোষারোপ করেন।

নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের পাশাপাশি মালিকদের দাবি দাওয়া পূরণের জন্যও সরকারের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণেল (অব.) ফারুক খান, শাহজাহান খান, শামসুর রহমান শরীফ, জাহিদ হাসান রাসেল এবং আওয়ামী লীগ নেতা আকরামুদ্দিন ও হাসিনা দৌলা।