রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নেতৃবৃন্দেরই উদ্যোগ নিতে হবে: মার্কিন রাষ্ট্রদূত
আগামী সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নেতৃবৃন্দেরই উদ্যোগ নেওয়া উচিত বলে বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস মত ব্যক্ত করেছেন।
জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এ অচল অবস্থার কোনো সমাধান দেবে না।
তিনি বলেন, আমাদের কাছে কোনো ম্যাজিক নেই। আমরা উভয় দলকে সংলাপের জন্যে উদ্বুদ্ধ করাতে পারি।
তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা আশা করছি।
নির্বাচনে যুক্তরাষ্ট্রের স্বার্থের কথা উড়িয়ে দিয়ে বলেন, আমরা কারো পক্ষ নিইনি এব নেব না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বাংলাদেশকে সাহায্য করব। আমরা নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করব না।
এর আগে বিউটেনিস প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সাথে দেখা করার কথা উল্লেখ করে বলেন, সিইসি আশ্বস্ত করেছেন যে তিনি ভোটার তালিকা প্রণয়নের ওপর সুপ্রিমকোর্টের রায়ের প্রতি সম্মান দেখাবেন। এটা খুবই ভালো ও ইতিবাচক দিক।
বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যতের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বর্তমান ও অতীতে যেসকল জঙ্গি তৎপরতা ও রাজনৈতিক সহিংসতা হচ্ছে বা হয়েছে সেসব কিছুকে বিচারের আওতায় আনতে হবে। প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
