জনতার রুদ্ররোষ থেকে বাঁচতে গার্মেন্টসে আগুন, ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টি ব্যর্থ জোট সরকারের চক্রান্ত: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গার্মেন্টসহ নগরীতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ এবং নৈরাজ্যকর পরিস্থিতির জন্যে সরকারকে দায়ী করেছেন।
পেশাজীবী সমন্বয় পরিষদের এক অনুষ্ঠানে মঙ্গলবার তিনি বলেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও ভোট চোর বিএনপি--জামাত জোট সরকার বিক্ষুব্ধ জনগণের রুদ্ররোষ থেকে পালাতে পারবে না বলে দুরভিসন্ধিমূলক এই পরিস্থিতি সৃষ্টি করেছে। নিজেরা ঘটনা ঘটিয়ে, একটার পর একটা গামেন্টসে আগুন জ্বালিয়ে দিয়ে বরাবরের মতো এখন বিরোধী দলের ওপর দায় চাপিয়ে রক্ষা পেতে চায় তারা।
শেখ হাসিনা আবারও সরকারের পদত্যাগ দাবি করে বলেন, যে সরকার শ্রমিক, মালিক কিংবা সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনা, কথায় কথায় গুলি চালিয়ে শ্রমিক হত্যা করে, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
তিনি বলেন, দেশের মানুষ জোট সরকারের ব্যর্থতার দায় আর নেবে না। ওদের ব্যর্থতার বোঝা আর টানবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ওদের ক্ষমতা থেকে বিদায় করে সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে জনগণের ক্ষমতায়ন করতে হবে। বাংলার মানুষের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: জনগণের ক্ষমতায়নের পূর্ব শর্ত’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইনবিদ ও রাজনীতিক ড. কামাল হোসেন। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর--উল ইসলাম, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যারিস্টার তানিয়া আমীর ।
