রাজধানীতে নির্বাচন অফিস-সংলগ্ন কোয়ার্টারের সরকারি চাকুরেরাই ভোটার হতে পারেননি
ঢাকা জেলা নির্বাচন অফিসের অল্প কয়েক গজ দূরের কোয়ার্টারে বসবাসরত সরকারি কর্মকর্তা--কর্মচারিরাই সম্প্রতি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি বলে অভিযোগ করেছেন।
সোমবার বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থার কয়েকজন সাংবাদিক পশ্চিম আগারগাঁওয়ের কোয়ার্টারে পরিদর্শনে গেলে কোয়ার্টারের বাসিন্দারা জানান, ভোটার তথ্য ফরম পূরণ করার পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাদের নাম নেই।
তারা বলেন, জেলা নির্বাচন কার্যালয়ের বিপরীতে অবস্থিত গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের কলোনিতে বসবাসরত চারশ’র মতো লোকের ভোটার হওয়ার যোগ্যতা ছিল। কিন্তু তাদের নাম নিবন্ধনভুক্ত হয়নি।
পিডব্লিউডি’র কর্মচারি ও কোয়ার্টারের বাসিন্দা আমানুল্লাহ’র ছেলে জাকির হোসেন বলেন, খসড়া ভোটার তালিকায় আমাদের পরিবারের চারজনের নাম আমি খুঁজে পাইনি। অথচ আমাদের নাম তালিকাভুক্ত করতে কয়েকজন লোক এসেছিল।
তিনি বলেন, শুধু আমরাই নয়, এখানে বসবাসরত ৪০০ লোকের প্রায় সকলেই খসড়া ভোটার তালিকায় তাদের নাম খুঁজে পাননি। এমন অবস্থায় করণীয় সম্পর্কে জেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে আমাদেরকে ৬ জুনের পরে যোগাযোগ করতে বলা হয়।
নুরুল ইসলাম, লালমতি বেগম, মানিক ও আরো অনেক বাসিন্দা একই ধরনের অভিযোগ করলে জাকিরের দাবি সত্য বলে প্রমাণিত হয়।
পানির ট্যাঙ্ক কলোনি বলে পরিচিত পিডব্লিউডি’র কর্মকর্তাদের ডিটাইপ কোয়ার্টারের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, খসড়া ভোটার তালিকায় আমি আমার অথবা আমার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজে পাইনি।
স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার ইসলাম জানান, কোয়ার্টারের ১২০ জন সরকারি কর্মকর্তা বসবাস করেন।
বাংলাদেশ কম্পিউটার পরিষদের উপপরিচালক জাভেদ আলী সরকার অভিযোগ করে বলেন, তার পরিবারের কোনো সদস্যের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি বলেন, নাম নিবন্ধন করার জন্য লোকজন আমার বাড়িতে এসেছিল। পরবর্তীতে তারা আমাদের কোনো কাগজপত্র দেননি। খসড়া ভোটার তালিকায় আমরা আমাদের নাম খুঁজে পাইনি।
ডিটাইপ কোয়ার্টারে ভোটার হতে পারতেন এমন ২৫০ জন লোক বসবাস করেন।
পরবর্তীতে সাংবাদিকরা ঢাকা জেলা নির্বাচন কার্যালয়ে গেলে সেখানে ‘বিতর্কিত’ জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলমকে পাওয়া যায়নি।
