ভোটার তালিকা সংক্রান্ত সিইসি’র আপিলের রায় মঙ্গলবার
ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের দায়ের করা আপিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রায় ঘোষণা করবেন সুপ্রীম কোর্ট।
পঞ্চম দিনের মতো দু পক্ষের কৌঁসুলীদের দায়ের করা আর্জির শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ ব্যাপারে রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
সিইসি বিচারপতি এমএ আজিজের কৌঁসুলী অ্যাড. টিএইচ খান সোমবার দেশের সর্বোচ্চ আদালতকে তার আর্জিতে জানান, নতুন ভোটার তালিকা তৈরি করা যাবে না, এমন কোনও আইন বা বিধান নেই।
তিনি হাইকোর্টের নির্দেশনা সম্বলিত রায় বাতিলের আবেদন জানান।
তিনি বলেন, মারাত্মক কোনও ত্রুটি ধরা পড়লে কোনও নির্দিষ্ট এলাকা বা কোনও আসনের ভোটার তালিকা নতুন করে তৈরি করা যাবে।
বিরোধী দল আওয়ামী লীগের আব্দুল জলিল এমপি, অ্যাড. রহমত আলী এমপি এবং আসাদুজ্জামান নূর এমপি ২০০৫ সালের ১২ ডিসেম্বর প্রধান বিচারপতির একক সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা প্রণয়ন এবং রাজনৈতিক বিবেচনায় ভোটার গণনাকারীদের নিয়োগ দানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ভোটার তালিকা প্রণয়নের জন্যে পাঁচ দফা নির্দেশনাসহ একটি রায় ঘোষণা করেন।
সিইসি বিচারপতি এমএ আজিজ ১ ফেব্রুয়ারি হাইকোর্টের দু দফা নির্দেশনাকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে একটি লিভ টু আপিল দায়ের করেন। হাইকোর্টের ওই দু দফা নির্দেশনায় নির্বাচন কমিশনকে ২০০০ সালে প্রণীত বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী নতুন ভোটার তালিকা প্রণয়ন এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গণমাধ্যমে প্রচারের নির্দেশ দেওয়া হয়।
সুপ্রীম কোর্ট ১৭ এপ্রিল লিভ টু আপিল মঞ্জুর করেন এবং হাইকোর্টের রায়ের কার্যক্রম বহাল রাখেন।
সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ১৪ মে থেকে লিভ টু আপিলের ব্যাপারে শুনানি শুরু হয় এবং সোমবার শুনানি শেষ হয়।
