জোট সরকারের কবল থেকে শিক্ষাকে রক্ষা করুন: আ’লীগ
আওয়ামী লীগ জোট সরকারের কবল থেকে শিক্ষাকে রক্ষা করার দাবি জানিয়েছে।
দলের নেতারা বলেন, জ্ঞান নির্ভর সমাজে শিক্ষাই সকল অগ্রগতি ও উন্নতির চাবিকাঠি। কিন্তু জোট সরকার বর্তমান বিশ্ব প্রেক্ষাপটকে সম্পূর্ণ উপেক্ষা করে শিক্ষা ব্যবস্থাকে করেছে দারুনভাবে বিপর্যস্ত। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার স্বার্থে একে জোট সরকারের কবল থেকে রক্ষা করতে হবে।
আওয়ামী লীগের ধানম-ির কার্যালয়ে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এ কথা বলেন। এতে লিখিত বক্তব্য রাখেন দলের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন দলীয় নেতা ওবায়দুল কাদের, মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকী প্রমুখ।
এতে বলা হয়, জোট সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা চরম রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন দুর্নীতি -- দলীয়করণ অতীতের সকল গৌরবকে ম্লান করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়ে বলা হয়, দেশবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে অপসারণ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা একটি জাতীয় দায়িত্ব।
