২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রেহানার বাড়ি ফিরিয়ে দিতে হবে: জোট সরকারকে অভিযুক্ত করে আ. লীগ

আওয়ামী লীগ সভাপতিম-লীর সভায় জোট সরকারকে শেখ রেহানার বাড়ি দখলের অভিযোগে অভিযুক্ত এবং ওই বাড়ির একটি অংশ সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে ‘পুরস্কার’ হিসেবে দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে রোববার অনুষ্ঠিত সভায় শেখ রেহানার বাড়ি তাকে ফিরিয়ে দেওয়া এবং বাড়ির জমির অংশ অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় আদালতের রায় উপেক্ষা করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হিসেবে ভূয়া ভোটার তালিকা প্রণয়নের জন্যে দায়ী নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়।

এতে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশনারদের বহাল রেখে বেআইনি ও ভুয়া ভোটার তালিকা দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

সভায় বলা হয়, সরকার শান্তিপূর্ণ আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপ বানচাল ও কালক্ষেপণের কৌশল গ্রহণ করেছে। তাই রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকারকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করা হবে।