২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপিকে অবিলম্বে ‘বিতর্কিত’ ৯০০ ভোটার ফরম জমা দিতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইউমকে রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ডে ‘বিতর্কিত’ ৯০০ ভোটার ফরম অবিলম্বে সংশি¬ষ্ট বেঞ্চে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৪১ নম্বর ওয়ার্ডের সহকারি ভোটার রেজিস্ট্রেশন কর্মকর্তা আমিনুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার অথবা হয়রানি না করারও নির্দেশ দেন।

আমিনুল হক ভূঁইয়ার দায়ের করা রিট পিটিশনের শুনানির পর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ কেন নিয়মিত করা হবে না এবং ভোটার তালিকায় ৯০০ ব্যক্তির অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে সরকার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতি কারণ দর্শানোর রুল জারি করেন।

নির্বাচন কমিশনের তদন্ত কমিটি গঠন ও আমিনুল হক ভূঁইয়াকে হয়রানি কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে সরকার কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনকে এ ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়।

টেলিফোনে বার বার হুমকি পাওয়ায় আমিনুল হক ভূঁইয়া রোববার হাইকোর্টে হাজির হয়ে পুলিশ প্রটেকশন প্রার্থনা করেন।

শুনানিতে ড. কামাল হোসেন হাইকোর্টে বলেন, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভূইয়াকে ৪১ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।

ড. কামাল হোসেনের আর্জিতে আরও বলা হয়, ভূইয়ার সাথে আটজন সুপাইভাইজর ও আরো ৩৩ জন মাঠকর্মীকে গত ২৮ ফেব্রুয়ারি নিয়োগ দেওয়া হয়। আফরোজা খানম নামের একজন নিজে থেকে আপত্তি তুলেন যে, সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসার টেলিফোনে আমিনুল হক ভূঁইয়াকে জানান, ৪১ নং ওয়ার্ডের ৯০০ ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে। টেলিফোনে তাদের তালিকাভুক্ত করতে বলা হয়। আমিনুল হক ভূঁইয়া এ ব্যাপারে থানা নির্বাচন অফিসারের লিখিত আদেশ চান।

হাইকোর্টের রায় ঘোষণার পর কামাল হোসেন সাংবাদিকদের জানান, ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা শামসুল আলম গত ১৩ মার্চ এবং ৬ এপ্রিল ওই ৯০০ ভোটারকে তালিকাভুক্ত করার ব্যাপারে আমিনুল হক ভূঁইয়াকে আদেশ দিয়ে দুটি চিঠি লেখেন। ভূইয়া অবৈধ এ আদেশ অনুযায়ী পশ্চিম আগারগাঁও এলাকার ৯০০ ভোটারকে খসড়া তালিকাভুক্ত করেননি।

এদিকে, গণনাকারী নিযুক্ত হওয়ার বৈধতা না থাকলেও নির্বাচন কমিশন সচিবালয় স্থানীয় বিএনপি নেতা আতিকুল ইসলামকে ওই ভোটারদের তালিকাভুক্ত করার জন্যে নিয়োগ প্রদান করে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আবুল কাশেম ১৮ মে আমিনুল হক ভূঁইয়াকে তার কার্যালয়ে ডেকে পাঠান এবং গণনাকারী হিসেবে আতিকুল ইসলামের নামেই ওই ভোটারদের তালিকাভুক্ত করতে চাপ প্রয়োগ করেন। ভূঁইয়া তা করতে রাজি হননি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ এবং বিভিন্ন সংবাদপত্রে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

হাইকোর্টে আমিনুল ইসলাম ভূঁইয়ার পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।