সংস্কারের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে আ.লীগ অবশ্যই নির্বাচনে যাবে: রাশিয়ার রাষ্ট্রদূতকে হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশ নেবে।
নির্বাচনী কর্মকাণ্ডে স্বচ্ছতা বিধানে তিনি বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতাও কামনা করেন।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত ওলেগ এস. মালগিনভ রোববার শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন সুধাসদনে বিদায়ী সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন।
মালনিগভ রাশিয়ান ফেডারেশনের পক্ষে গত তিন বছর বাংলাদেশে দায়িত্ব পালন করেন। এই সময়কালে তাকে সহযোগিতা করার জন্য বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগকে তিনি ধন্যবাদ জানান।
প্রায় এক ঘন্টার বৈঠক শেষে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি বিডিনিউজকে জানান, রাশিয়ান রাষ্ট্রদূত আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে শেখ হাসিনার কাছে জানতে চান।
আওয়ামী লীগ প্রধান সংস্কার প্রস্তাবের প্রয়োজনীয়তা এবং গুরুত্বের বিষয়টি তার কাছে তুলে ধরেন।
এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে অলোচনা হয়।
শেখ হাসিনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইতিবাচক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, দু:খজনক হলেও সত্য যে এখন সেই সুসম্পর্ক নেই। আগামীতে এই দুই বন্ধুপ্রতীম দেশের সুসম্পর্ক ও বাণিজ্যিক ভিত্তি আবারও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
