দুর্নীতি রোধে সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেন বলেছেন, দুর্নীতি রোধ করার জন্য প্রয়োজন সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্শ্চিত করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।
ঢাকার সিরডাপ মিলনায়তনে শনিবার আয়োজিত ‘দুর্নীতি দমন ও নাগরিক সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আয়োজনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন মাসিক লিগ্যাল এইড’র সম্পাদক অ্যাডভোকেট খাজা গোলাম মোর্শেদ। পত্রিকাটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু, আমেরিকান দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা ন্যান্সি ল্যাংসটোন, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।
প্রধান বিচারপতি বলেন, বর্তমান সরকার আমলে দেশে দুর্নীতি রোধে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হলেও দুঃখজনকভাবে প্রতিষ্ঠান এখনো কাজ করতে পারছে না। এ প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এর জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হবে। স্বাধীন বিচার ব্যবস্থাও দুর্নীতি রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
তিনি দুর্নীতি প্রতিরোধে সকলকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। দুর্নীতির কারণে আইনের শাসন ও সুশাসন ব্যাহত হচ্ছে। এটি দরিদ্র জনগোষ্ঠীকে সবচেয়ে বেশি আঘাত করছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করছে।
তিনি আরো বলেন, বিশ্বের সকল দেশেই দুর্নীতি আছে। কিন্তু আমাদের দেশে এটি মাত্রাতিরিক্ত। দুর্নীতি প্রতিরোধে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে সকল সুশীল সমাজসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে।
প্রধান বিচারপতি জেআর মুদাচ্ছির হোসেন সুশীল সমাজের প্রতি সমাজ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতিগ্রস্থ লোকেরা যেনো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে স্থান না পায়, সেদিকে সচেতন থাকতে হবে।
এডিবি’র আবাসিক প্রতিনিধি হুয়া দু স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, কমিশনকে কার্যকর করতে হবে। এতে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর দক্ষ ও সৎ কর্মকর্তাদের নেওয়া যেতে পারে। তবে অসৎ ও অযোগ্যদের এর থেকে বাদ দিতে হবে।
পরে কর্ম অধিবেশনে বিচারপতি রুহুল আমিনের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাধীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান।
আলোচনায় অংশ নেন বিচারপতি তাফাজ্জুল ইসলাম, বিচারপতি হাবিবুর রহমান খান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক ম-লীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন প্রমুখ।
এতে দুর্নীতি দমনে একটি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
