সংস্কারের মাধ্যমে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে আ.লীগ নির্বাচনে যাবে : ইইউ মিশন প্রধানকে হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে।
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশ মিশন প্রধান ড. পিয়েত্রো ব্যালেরো বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি তাকে একথা জানান।
এ সময় আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির বাসভবন সুধাসদনে অনুষ্ঠিত প্রায় দেড় ঘন্টার বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাসহ সার্বিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী পরে এক প্রেস বি্িরফংয়ে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
ড. পিয়েত্রো বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে শেখ হাসিনার কাছে জানতে চান।
তিনি জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি জামাত জোট আর ক্ষমতায় আসতে পারবে না। এটা জেনেই তারা সংস্কার প্রস্তাব মানতে চায়না। কারণ সংস্কারের মাধ্যমে নির্বাচন হলে তা অবাধ ও সুষ্ঠু হবে। এ কারণে সংস্কার ইস্যুতে সংলাপ নিয়েও তারা তালবাহানা এবং কালক্ষেপণ করছে।
শেখ হাসিনা অভিযোগ করেন, জোট সরকার নীলনক্সার একটি নির্বাচনের ষড়যন্ত্র চালাচ্ছে। এ কারণেই আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন কমিশনের ‘ভুয়া ভোটার তালিকা’ প্রনয়ণ করেছে। এটা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সর্বশেষ অধ্যায়।
বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ইইউ মিশন প্রধানকে জানানো হয়, সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি হবে অর্থহীন। কারণ নির্বাচনের ইতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে কী না -- এটা আগে ঠিক করা দরকার।
বৈঠকে সাবের হোসেন চৌধুরী ছাড়াও আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ্ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
