শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আওয়ামী লীগ সভানেত্রী, সংসদে বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিকেলে নগরীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে ‘গণতন্ত্রের মানস কন্যা দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ২৫ বছর : গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আফম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগ নেতা নূহ উল আলম লেনিন।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, দৈনিক সংবাদ সম্পাদক বজলুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ অনুষ্ঠান পরিচালনা করেন।
আলোচকরা দেশ, দল ও মানুষের জন্যে শেখ হাসিনার অবদান ও ত্যাগ এবং তার সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করেন।
বর্তমান দুঃসহ সংকট ও দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে শেখ হাসিনাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসহ সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি আহ্বান জানান তারা।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর ১৯৮১ সালের ১৭ মে মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির নিজ বাসভবনে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নির্মমভাবে ঘাতকদের হাতে নিহত হন। এসময় আওয়ামী লীগ সভানেত্রী বিদেশে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান।
