চট্টগ্রামে বিদ্যুতের দাবিতে পিডিবি ভবনের সামনে বিক্ষোভ
বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদের পিডিবি ভবনের সামনে বুধবার ভোক্তা অধিকার কমিটির ব্যানারে হাজারো নগরবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছে।
পুলিশ, র্যাব ও দাঙ্গা পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পিডিবি ভবনের সামনে যায়। ‘বিদ্যুৎ দাও, পানি দাও নইলে গদি ছেড়ে দাও’ এ স্লোগান নিয়ে তারা বিদ্যুৎ ভবনের দিকে এগোয়।
পানি ও বিদ্যুত সরবরাহে সরকারের ব্যর্থতায় নগরবাসী সিঙ্গাপুর--ব্যাঙ্কক মার্কেটের সামনে নেচে - গেয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরে।
মিছিলে অংশগ্রহণকারীরা একটি ট্রাকে ৬ ফুট লম্বা তিন ফুট প্রস্থ একটি তালা বহন করে নিয়ে যায়। তারা পিডিবি ভবনের সামনে পৌঁছালে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তালাটি গ্রহণ করেন এবং মিছিল থামিয়ে দেন।
সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম সুজন তার ভাষণে বলেন, চট্টগ্রামের চাহিদা না মিটিয়ে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা চলবে না।
সুজন বলেন, পিডিবি কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নয়। অন্যদিকে সরকার চট্টগ্রাম মেয়রকে বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দিচ্ছে না।
চট্টগ্রামে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও বিপরীতে চাহিদা রয়েছে ৫৫০ মেগাওয়াট।
কমিটির মহাসচিব শাহজাহান খালেদ, নারী নেত্রী নূরজাহান খান এবং প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার সমাবেশে বক্তব্য রাখেন।
বিক্ষোভ চলাকালে প্রায় এক ঘন্টা বন্দর এলাকা থেকে দেওয়ান ঘাট এলাকা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো।
এর আগে কমিটি একই দাবিতে শিশুদের মানববন্ধন কর্মসূচি পালন করে।
