চিনির মূল্য বৃদ্ধি: ৩১ মে’র মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশ
দেশে আকস্মিকভাবে চিনির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করে ৩১ মে’র মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে বাণিজ্য ক্যাডারের জন্যে নির্ধারিত পদগুলোতে অন্য কোনো ক্যাডার সার্ভিসের লোক নিয়োগ না করতেও সরকারের কাছে সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্যরা এ সময় চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে আমদানিকারকদের সম্পৃক্ততার অভিযোগ করেন।
সদস্যদের দাবির মূখে কমিটির সভাপতি রেদোয়ান আহম্মেদ বিষয়টি তদন্তের জন্যে মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
এতে আমদানি নির্ভর পণ্যগুলোর এলসি, আমদানি পরবর্তী ও বাজারজাত করার সময়ের মূল্য তালিকা খতিয়ে দেখে রিপোর্টে তা উল্লেখ করার জন্যেও মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
কমিটি আগামী ৩১ মে’র বৈঠকে ওই রিপোর্ট পর্যালোচনা করে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে সুপারিশ করবে।
সূত্র জানায়, কমিটির সদস্যরা বাজার নিয়ন্ত্রণের জন্যে বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বললে কমিটি সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো অবস্থা সরকারের নেই।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানান, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
কমিটির সদস্য মনিরুল হক চৌধুরী বৈঠকে জানান, একটি সময়ে দেশে চিনির মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ওই সময় প্রতিবেশী দেশ ভারত থেকে চিনি আমদানি বন্ধ ছিল। এর প্রভাব বাজারে পড়ে।
সভায় প্রায় দু’বছর আগে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ তদন্তে গঠিত কমিটির রিপোর্টও আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক মনিরুল হক চৌধুরী আগামী বৈঠকে তা উপস্থাপন করবেন বলে জানান।
অন্যদিকে সাবেক বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে মতবিরোধের কারণে তিনি ওই রিপোর্টটি দীর্ঘদিন জমা দেননি বলে কমিটি সূত্র জানায়।
বৈঠক শেষে কমিটির সভাপতি রেদোয়ান আহম্মেদ সাংবাদিকদের জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তিন বছর আগে বাণিজ্য মন্ত্রণালয়কে ‘সরকারের গুপ্তহস্ত’ হিসেবে চিহ্নিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশসহ (টিসিবি) অন্যান্য সংস্থাগুলোকে সক্রিয় করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
তিনি আমদানিকারক ও ব্যবসায়ীদের একচেটিয়া ব্যবসার কথা স্বীকার করে বলেন, বৈঠকে টিসিবিকে সক্রিয় এবং প্রয়োজনে চিনি খোলাবাজারে বিক্রি (ওএমএস) করারও সুপারিশ করা হয়েছে। একই সাথে আমদানির দায়িত্ব শুধু বেসরকারি খাতে ছেড়ে না দিয়ে সরকারি খাতকেও কাজে লাগানোর জন্যে সরকারকে বলা হয়।
কমিটির সদস্য বিএনপির প্রকৌশলী এলকে সিদ্দিকী, মজিবর রহমান মঞ্জু, আওয়ামী লীগের রফিকুল আনোয়ার ও জাতীয় পার্টির করিমউদ্দিন ভরসা এতে উপস্থিত ছিলেন।
তবে বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য আব্দুল জলিল সভায় অনুপস্থিত ছিলেন।
