নির্বাচন, ঋণ সহযোগিতা নিয়ে প্রফুল সি প্যাটেলের সাথে শেখ হাসিনার বৈঠক
বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার মধ্যে সোমবার অনুষ্ঠিত বৈঠকে আসন্ন নির্বাচন ও বিশ্বব্যাংকের দেশীয় সহযোগিতা কৌশল (কান্ট্রি এসিস্ট্যান্স স্ট্র্যাটেজি) নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে প্রফুল প্যাটেল সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের নতুন দেশীয় সহযোগিতা কৌশল, আসন্ন পার্লামেন্ট নির্বাচন, সুশাসন ও দুর্নীতির মতো ইস্যুগুলো নিয়ে তাদের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে।
দেশীয় সহযোগিতা কৌশলের আওতায় বিশ্বব্যাংক বাংলাদেশকে আগামী তিন বছরের জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে।
বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের চলতি সংলাপের অংশ হিসেবেই প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সাথে সাক্ষাৎ করছেন বলে তিনি জানান। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমরা আলোচনা করবো।
শেখ হাসিনার বাসভবনে অনুষ্ঠিত দুই ঘন্টারও বেশি সময়ের বৈঠক শেষে প্যাটেল বলেন, নির্বাচনের ফলাফল ছিনতাই করার পরিবর্তে কিভাবে আরও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং কিভাবে গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন আয়োজন করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি।
তিনি বলেন, কিভাবে দুর্নীতি কমিয়ে আনা যায় ও বাংলাদেশের জনগণের সম্পদের অপচয় রোধ করা যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি।
বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের বড় ধরনের সহায়তাকে আমরা স্বাগত জানাই। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই সহযোগিতায় আওতায় বিশ্বব্যাংকের প্রদত্ত তহবিল ব্যয় করার জন্য সাবের হোসেন আহ্বান জানান।
শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সাবের হোসেন বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোকে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত রাখতে তিনি বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করার অনুরোধ জানান।
সাবের হোসেন বলেন, বিশ্বব্যাংক দলকে সরকারের অনানুষ্ঠানিক ক্ষমতার কেন্দ্র হিসেবে হাওয়া ভবনের ব্যাপারে অবহিত করা হয়েছে। দেশ দ্বৈত শাসনের আওতায় পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক ক্রিস্টিন আই ওয়ালিখ, আওয়ামী লীগ সভাপতিম-লির সদস্য কাজী জাফরুল্লাহ ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
