২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ৩ সাংবাদিককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট

কুষ্টিয়ার তিন সাংবাদিককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় সোমবার এ জামিন প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

অভিযুক্ত তিন সাংবাদিকের দায়ের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এমএ রশিদ এবং বিচারপতি মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার শুনানি শেষে জামিনের আদেশ প্রদান করেন এবং তাদের কেন নিয়মিত জামিন প্রদান করা হবে না-- সে ব্যাপারে কারণ দর্শানোর জন্যে সরকারের প্রতি রুল নিশি জারি করেন।

মামলায় পুলিশ রিপোর্ট প্রদানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন আদেশ কার্যকর থাকবে।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, মুন্সী তরিকুল ইসলাম (চ্যানেল ওয়ান এবং দৈনিক সমকাল), হাসান জাহিদ (আরটিভি এবং দৈনিক যুগান্তর) এবং আল মামুন সাগর (এটিএন বাংলা এবং দৈনিক মানবজমিন)।

উল্লিখিত তিনজন সাংবাদিক জামিনের জন্যে সোমবার সশরীরে আদালতে উপস্থিত হন।

কুষ্টিয়া--২ আসনের সাংসদ শহীদুল ইসলাম তাদের বিরুদ্ধে গত ৯ মে চাঁদাবাজির অভিযোগে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন।

শহীদুলের ইসলাম এমপি’র অনুগত কর্মী আজাদ বিশ্বাস একই অভিযোগে তাদের নামে কুষ্টিয়া সদর থানায় আরও একটি মামলা দায়ের করেন।

ব্যারিস্টার তানিয়া আমীর এবং ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ অভিযুক্তদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।

এদিকে দেশব্যাপী সাংবাদিকবৃন্দ কুষ্টিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে ওই ‘হয়রানিমূলক মামলার’ প্রতিবাদ জানিয়েছে।