নির্বাচন কমিশনের আপিলের শুনানি অব্যাহত, কয়েক লাখ ভোটারের নাম খসড়া তালিকায় নেই: ড. কামাল
ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা নির্বাচন কমিশনের আপিলের শুনানি সোমবার সুপ্রীম কোর্ট অব্যাহত রেখেছেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবিরের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মূল রিট আবেদনকারীর কৌসুলী ড. কামাল হোসেন সোমবার আদালতে তার আর্জিতে বলেন, ভোটার তালিকা প্রণয়নের সময় নির্দিষ্ট স্থানে উপস্থিত না থাকায় কয়েক লাখ ভোটার তালিকাভুক্ত হওয়া থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক রয়েছে এবং জাতি তা গ্রহণ করেনি। এ তালিকার কারণে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আগামী নির্বাচনে ভোট দানের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবে।
ড. কামাল আরও বলেন, হাইকোর্টের নির্দেশনায় ১৮ বা তদোর্ধ্ব ব্যক্তিদের তালিকাভুক্ত করতে বলা হয়েছিল। নির্দেশনায় বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী বিকৃত মস্তিষ্ক ও মৃতদের তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছিল। নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশনা মেনে চলেনি।
নির্বাচন কমিশনের পক্ষের কৌসুলী অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ আদালতকে বলেন, ২০০০ সালে ভোটার তালিকা প্রণয়নে যারা কাজ করেছেন এবারও তারাই ভোটার তালিকার কাজ করেছেন।
তিনি জানান, আইনগত প্রক্রিয়া মেনেই নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করেছে। ২০০৫ সালের ১৭ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নেয়।
