২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন কাজ সমাপ্ত করতে জোটকে আবার ক্ষমতায় আনতে হবে: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। সরকারের সময়সীমার মধ্যে তা সম্পন্ন করা সম্ভব নয় তাই এ কাজ সম্পন্ন করতে জোট সরকারকেই ক্ষমতায় রাখতে হবে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতার হাট আরসি কলেজ মাঠে সোমবার বিএনপি আয়োজিত আগাম নির্বাচনী প্রচারণার এক পথ সভায় তিনি একথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকেই বিজয়ী করতে হবে। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। 

বিরোধী দলের কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি। সন্ত্রাস দমনের কথা বলে নিজেরাই সন্ত্রাসীদের লালন - পালন করেছে।

এর আগে তিনি মেহেন্দিগঞ্জের ডাকবাংলো এবং পাঁচশো লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধন করেন।