৭১ এর পরাজিত শক্তিকে বয়কট করতে ড. কামালের আহ্বান
জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন শনিবার ৭১ এর দোসরদের বয়কট করে প্রকৃত দেশপ্রেমিকদের ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বর্তমান বিএনপি--জামাত জোট সরকারকে ‘সংবিধান লঙ্ঘনকারী’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তারা জনগণ অথবা সংবিধান কোনো কিছুর প্রতিই সম্মান দেখায়নি।
সিলেট অভিমুখে তিন দলের লংমার্চ কর্মসূচির আগে নগরীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্পধারা বাংলাদেশ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ভুয়া ভোটার তালিকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং পানি, বিদ্যুত, সার ও ডিজেল সঙ্কটের প্রতিবাদে লংমার্চ কর্মসূচির ডাক দেয়।
ইসলামী জঙ্গিদের বোমা হামলার কথা উল্লেখ করে ড. কামাল বলেন, ৭১ এর পরাজিত শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ৭১ এর গণহত্যার মূল পরিকল্পনাকারীরা এখন রাষ্ট্র ক্ষমতায়। তাদের কুমতলব সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে।
সরকার প্রতি পদক্ষেপে সংবিধান লঙ্ঘন করে চলছে বলে ড. কামাল অভিযোগ করেন।
তিনি বলেন, তারা নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করলেও তারা সরকার অথবা সংবিধান কারো প্রতিই কোনো সম্মান দেখাচ্ছে না।
বিকল্পধারা বাংলাদেশের প্রধান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি--জামাত জোট সরকারকে চক্রান্তকারী হিসেবে উল্লেখ করে বলেন, তারা জনগণকে দেওয়া তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেনি।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, পানি, বিদ্যুত, সার ও ডিজেল সঙ্কটের কথা উল্লেখ করে বি চৌধুরী বলেন, আমরা এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চায়।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বিএনপি--জামাত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিন দলের দ্বিতীয় এই লংমার্চটি নরসিংদী, ভৈরব এবং আশুগঞ্জ হয়ে সিলেটের হযরত শাহজালাল (রাঃ) মাজারে গিয়ে শেষ হবে। প্রথম লংমার্চটি গত ৪ মে রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনদলের মহাসচিবরা বক্তব্য রাখেন। বিকল্পধারার মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান শনির আখড়া বাসস্ট্যান্ডে বক্তব্য রাখেন।
তিনদলের কয়েক হাজার নেতাকর্মী সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে লংমার্চে যোগ দেন। লংমার্চের কারণে নগরীতে যানজটোর সৃষ্টি হয়।
বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, লংমার্চকারীরা ভোলানগর বাসস্ট্যান্ডে একটি সমাবেশ করেছে।
